ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের আত্মপ্রকাশ, হেড কোচ দীপক, কোন ভূমিকায় ব্যারেটো?
United Kolkata Sports Club: প্রতিভা অন্বেষণ, বারপুজো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।
টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ফুটবল দল বাংলার ফুটবল মানচিত্রে নবতম সংযোজন। বাঙালি ফুটবলারদেরই প্রাধান্য দিয়ে আইএসএলে উন্নীত হওয়ার স্বপ্ন দেখছেন সচিব দেবদূত রায়চৌধুরী।

আগামী মরশুম থেকেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে এই ক্লাব। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ক্রীড়া পরিকাঠামো ব্যবহারের পাশাপাশি সল্টলেকেও অনুশীলনের বন্দোবস্ত করেছেন ক্লাব কর্তারা। মে মাসের প্রথমেই অনুশীলন শুরুর কথা। সোদপুরেও একটি মাঠ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের ফুটবল কেরিয়ার গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিভা অন্বেষণের কাজ চলবে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রদের তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে চান দেবদূত। তিনি জানালেন, ভবিষ্যতে আইএসএল খেলাও এই ক্লাবের লক্ষ্য।
দীপক মণ্ডল হেড কোচের দায়িত্ব সামলাবেন। হোসে রামিরেজ ব্যারেটো এই ক্লাবের পরামর্শদাতা হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে উঠতি প্রতিভাদের সহায়তা করবেন। জানা গিয়েছে, রিলায়েন্সের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরালে ব্যারেটো আরও নিবিড়ভাবে যুক্ত হবেন বাংলার এই নতুন ক্লাবের সঙ্গে।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতীয় ফুটবল জগতে সাপ্লাই লাইন হিসেবে ফুটবলার পাঠানোর নিরিখে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। জাতীয় দলের বয়সভিত্তিক খেলা বা আই লিগ ও আইএসএলে খেলার মোট সময়ের নিরিখেও বিগত কয়েক বছর ধরে পড়তির দিকে বাংলা।
এই আবহে বাংলা তথা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ফেরানোর অংশীদার হতে পথ চলা শুরু করল এই ক্লাব। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ স্মরণীয় হয়ে রইল তার কয়েক ঘণ্টা পরই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে পরাস্ত করে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জিতে নেওয়ায়।
আই লিগের লিগ শিল্ডের দখল নিল গতবারের চ্যাম্পিয়নরা। সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল, আই লিগ মহমেডান স্পোর্টিং ক্লাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিও ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছে। এবার বড় লক্ষ্য নিয়ে অভিযান শুরুর পথে কলকাতা তথা বাংলারই আরেক ক্লাব।
সারা দেশের বিভিন্ন প্রান্তে চলবে স্কাউটিং। প্রতিভাদের তুলে এনে আধুনিকতম প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। আজ ক্লাবের লোগো, জার্সি ও ফুটবলারদের পরিচয়-পর্ব করানোর অনুষ্ঠানে হাজির ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, সুমিত মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, মেন্টরের ভূনিকা পালন করবেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। মেয়েদের দলও থাকবে এই ক্লাবের। আকাদেমি তৈরিরও পরিকল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications