কলকাতার হোটেলে দুই রাজা মুখোমুখি, মেসি ও শাহরুখের উষ্ণ সাক্ষাৎ, আব্রামের সঙ্গে ফুটবলের রাজপুত্র

ফুটবলের জাদু ও বলিউডের ঝলক,এক ছাদের তলায় দুই মহাতারকা। কলকাতার এক নামী হোটেলেই মুখোমুখি হলেন লিয়োনেল মেসি ও শাহরুখ খান। ফুটবলের রাজপুত্রকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন বলিউড বাদশা, উষ্ণ করমর্দনে জমে ওঠে মুহূর্তটি। সাক্ষীর আসনে ছিলেন মেসির দীর্ঘদিনের সঙ্গী লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার তারকা রদ্রিগো ডি পল।

যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলেই হয় এই বহুচর্চিত সাক্ষাৎ। শুক্রবার গভীর রাতে, আড়াইটে নাগাদ শহরে পা রাখেন মেসি। সঙ্গে ছিলেন সুয়ারেজ ও ডি পল। ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় পৌঁছন শাহরুখ খান। সকাল হতেই হোটেলে গিয়ে ফুটবল মহাতারকার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি। দুই তারকার পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্ত।

আব্রামকে কাছে টেনে নেওয়া, কুশল বিনিময় আর ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। দুই তারকার মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলেন সুয়ারেজ। পাশে ছিলেন ডি পল ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও।

চৌদ্দ বছর পর আবার কলকাতায় লিয়োনেল মেসি। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছন তিনি। জানা গিয়েছে, সেখানে তাঁকে এক ঝলক দেখার আশায় ভিড় করেছিলেন অসংখ্য ভক্ত। অল্প বিশ্রাম নিয়েই শুরু হয়ে যায় কর্মব্যস্ত দিন। শনিবার সকাল সাড়ে নয়টা থেকে 'মিট অ্যান্ড গ্রিট'। এরপর ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করবেন এলএম টেন। বেলা ১১টা পেরোতেই হোটেল ছেড়ে যুবভারতীর পথে রওনা।

১১টা ৩০ মিনিটে মাঠে প্রবেশ করবেন শাহরুখ খান। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও সংক্ষিপ্ত কথোপকথন পর্ব। অনুষ্ঠান শেষ হতেই ফের বিমানবন্দরের পথে মেসি দুপুর ২টোর ফ্লাইটে হায়দরাবাদ।
ভারত সফরের নাম দেওয়া হয়েছে 'গোট ট্যুর অফ ইন্ডিয়া'। কলকাতায় বিশ্রামের সময় বলতে গেলে নেই। কয়েক ঘণ্টার এই উপস্থিতিতেই শহর জুড়ে ফুটবল উন্মাদনা। ভক্তদের চোখেও সেদিন ঘুম নেই। হায়দরাবাদে পৌঁছে সন্ধ্যা সাতটায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে 'গোট কাপ' ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি। উপস্থিত থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সাত বনাম সাত একটি প্রদর্শনী ম্যাচেও নামার কথা রয়েছে তাঁর। এরপর সঙ্গীতানুষ্ঠান, রাতের নৈশভোজ ফলকনামা প্যালেসে যেখানে থাকবেন তেলুগু সিনেমার প্রথম সারির তারকা ও বিশিষ্ট অতিথিরা। রাত কাটবে হায়দরাবাদেই।

১৪ ডিসেম্বর মেসির গন্তব্য মুম্বই। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় 'প্যাডেল কাপে' অংশ নেওয়ার কথা তাঁর। শোনা যাচ্ছে, শচিন তেন্ডুলকরের সঙ্গে প্যাডেল খেলতেও দেখা যেতে পারে তাঁকে। বিকেলে খ্যাতনামীদের নিয়ে ফুটবল ম্যাচ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা, চ্যারিটি ফ্যাশন শো সব মিলিয়ে আরও এক জমজমাট সূচি। জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফের পাশাপাশি হাজির থাকতে পারেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনিও।

সবচেয়ে বিশেষ আকর্ষণ' প্রোজেক্ট মহাদেব'। কলকাতা ও মুম্বই দুই শহরেই খুদেদের নিয়ে কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন শিশু ফুটবলারকে শেখাবেন খেলার পাঠ, ভাগ করে নেবেন নিজের অভিজ্ঞতা। কয়েক ঘণ্টার সফর, অথচ স্মৃতির ঝুলিতে রয়ে যাবে বহু দিনের গল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+