মাঠের স্বপ্ন অপূর্ণ, হোটেলেই সাক্ষাৎ, মেসির সঙ্গে ছবি তুলে কলকাতা ছাড়লেন শাহরুখ
মেসির কলকাতা শহর যাত্রায় শেষ পর্যন্ত মিলল সাক্ষাৎ, কিন্তু মাঠে নয়, হোটেলের চার দেওয়ালের মধ্যেই সারা হল লিয়োনেল মেসি ও শাহরুখ খানের বহু প্রতীক্ষিত দেখা। নিজেই জানিয়েছিলেন, ফুটবলের রাজপুত্রের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন তিনি, যুবভারতী ক্রীড়াঙ্গনেও হাজির থাকার কথা ছিল 'বাদশা'র। কিন্তু বাস্তবে ঘটল অন্য ছবি।
ছোট ছেলে আব্রামকে নিয়ে হোটেলে পৌঁছে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। মুহূর্তে আব্রাম ছবি তোলে বিশ্ব ফুটবলতারকার সঙ্গে। সেই মুহূর্তেই এক ফ্রেমে ধরা দেন মেসি ও শাহরুখ, কিন্তু স্টেডিয়ামের গ্যালারি বা মাঠের সবুজ ঘাসে নয়। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা হন অভিনেতা, সেখান থেকে ফিরে যান মুম্বই।

প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শহরে আসা শাহরুখকে এ বার সেখানে দেখা যায়নি। অনুরাগীদের আশা ছিল, কেআইএফএফ এর মঞ্চে বা যুবভারতীতে একসঙ্গে দেখা যাবে সিনেমা ও ফুটবলের দুই 'রাজা'কে। সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
মাঠে কেন এলেন না শাহরুখ? তার উত্তর লুকিয়ে ছিল যুবভারতীর পরিস্থিতিতে। ভোর থেকেই মেসির এক ঝলক দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছিল স্টেডিয়াম চত্বর। মেসি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরে ৭০ থেকে ৮০ জনের ভিড়। গ্যালারি থেকে দেখাই যায়নি তাঁকে। চড়া দামে টিকিট কেটেও মেসির দেখা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় ফুটবলের রাজপুত্রকে, বাতিল হয় একের পর এক কর্মসূচি।
উত্তপ্ত পরিস্থিতির জেরেই মাঠে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শাহরুখ খানও। ফলে যুবভারতীর আলো ছায়ার মধ্যে নয়, কলকাতার এক হোটেলেই শেষ হল দুই মহাতারকার সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় সাক্ষাৎ।












Click it and Unblock the Notifications