Sunil Chhetri: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ দেখতে চান যুবভারতীতে? ভারত-কুয়েত দ্বৈরথের টিকিটের দাম নাগালের মধ্যেই
Sunil Chhetri: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা জুনের ৪ তারিখ। আর তার ঠিক ২ দিন পর, জুনের ৬ তারিখ দেশের হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। বলু টাইগারদের সেই ম্যাচের টিকিটের দাম জানিয়ে দেওয়া হলো।

বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড ২-এর এই ম্যাচটি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ বলে উল্লেখ করেছেন সুনীল। কলকাতাতেই আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে যবনিকা টানতে চলেছেন।
সুনীলের জন্যই সেই ম্যাচে দর্শকাসন কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। সুনীল ইতিমধ্যেই দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন। ৯৪টি গোল করে বিশ্ব ফুটবলে সর্বাধিক গোল করা ফুটবলারদের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। লিওনেল মেসির ঠিক পরেই। বিদায়ী ম্যাচ জিতে স্মরণীয় করে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সুনীল।
ভিভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। তাছাড়া ১০০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে কয়েকটি ধাপের টিকিট রয়েছে। এ ২ (বাঁদিক)-এর টিকিটের দাম ২৫০ টাকা, এ ১ (বাঁদিক)-এর টিকিটের দাম ১৫০ টাকা। বি ১-এর টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা, বি ২-র ২০০ টাকা, বি ৩-র ১৫০ টাকা।
সি ১ (ডানদিক)-এর দাম ২০০ টাকা, সি ২ (ডানদিক)-এর ৩৫০ টাকা, সি ৩ (ডানদিক)-এর টিকিটের দাম ২৫০ টাকা। সি ১ (বাঁদিক), সি ২ (বাঁদিক) ও সি ৩ (বাঁদিক)-এর টিকিটের দাম যথাক্রমে ২০০, ৩৫০ ও ২৫০ টাকা। ডি ১, ডি ২ ও ডি ৩-র দাম রাখা হয়েছে যথাক্রমে ১৫০, ২০০ ও ১৫০ টাকা।
এ ২ (ডানদিক) ও এ ১ (ডানদিক)-এর টিকিটের দাম রাখা হয়েছে যথাক্রমে ২০০ ও ১০০ টাকা। এখনও জানানো হয়নি কোন অনলাইন প্ল্যাটফর্মগুলিতে এই ম্যাচের টিকিট কাটা যাবে। তবে মনে করা হচ্ছে, বুকমাইশো, পেটিএম ইনসাইডার বা টিকিটজেনির মতো প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে টিকিট। কাউন্টার থেকেও টিকিট বিক্রির সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications