আইএসএল প্লে-অফে তুঙ্গে বিতর্ক! অতিরিক্ত সময়ে মাঠ ছাড়ল কেরালা, সুনীলের গোলে সেমিতে বেঙ্গালুরু
আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে সেমিফাইনালে গেল বেঙ্গালুরু এফসি। ফ্রি কিক থেকে গোল সুনীল ছেত্রীর। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে অতিরিক্ত সময়ে মাঠ ছাড়ে কেরালা ব্লাস্টার্স এফসি।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল প্লে-অফে নজিরবিহীন ঘটনা। বেঙ্গালুরু এফসিকে রেফারি ক্রিস্টাল জন ফ্রি কিক দেন। তা থেকে গোল করেন সুনীল ছেত্রী। যদিও সুনীল ঠিকভাবে ফ্রি কিকটি নেননি বলে অভিযোগ কেরালা ব্লাস্টার্স এফসি শিবিরের। অসন্তোষ প্রকাশ করে দলই তুলে নেন কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। শেষ অবধি অপেক্ষা করে অবশেষে চূড়ান্ত বাঁশি বাজান রেফারি। তাতেই শেষ চার নিশ্চিত হয়ে গেল বেঙ্গালুরু এফসির।

নির্ধারিত সময় গোলশূন্য
হোম অ্যাডভান্টেজ নিয়ে এদিন লড়াই শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। তবে প্রথমার্ধে পারফরম্যান্সের নিরিখে এগিয়ে থাকে কেরালা ব্লাস্টার্স এফসি। বিরতিতে খেলার ফলাফল থাকে গোলশূন্য। রয় কৃষ্ণা, জেভিয়ার হার্নান্দেজরা অবশ্য ভালো ছন্দে ছিলেন। কেরালা ব্লাস্টার্স প্রতিপক্ষের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে সেভাবে পরীক্ষার মুখে ফেলতে পারেননি। দ্বিতীয়ার্ধে দুই দলই সাবধানী খেলা চালিয়ে যেতে থাকে। বেঙ্গালুরু এফসি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৫৯ মিনিটে সুরেশ ওয়াংজামের প্রয়াস অনবদ্য দক্ষতায় রুখে দেন কেরালার গোলকিপার প্রভসুখন গিল।

সুনীলের জয়সূচক গোল
৭২ মিনিটে শিবা নারায়ণনের পরিবর্ত হিসেবে মাঠে নামেন সুনীল। তবে বল দখলের লড়াইয়ে আধিপত্য বজায় রাখে কেরালাই। ম্যাচ যতই ৯০ মিনিটের দিকে এগোতে থাকে ততই দুই দল সতর্কতা বাড়ায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সাত মিনিটের মাথায় (ম্যাচের ৯৭ মিনিটে) ফ্রি কিক আদায় করে নেয় বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী দ্রুত ফ্রি কিক নেন। তিনি খেয়াল করেছিলেন লাইনের বাইরে রয়েছেন প্রভসুখন। ফলে উঁচু শটে দুরন্ত গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন বহু যুদ্ধের পোড়খাওয়া সৈনিক সুনীল।
|
মাঠ ছাড়ল কেরালা
এরপরই নজিরবিহীন ঘটনা ঘটে। সুনীল অবৈধভাবে ফ্রি কিক নিয়েছে দাবি করে দল তুলে নেন কেরালার হেড কোচ ভুকোমানোভিচ। কোচের নির্দেশ মেনে কেরালা ব্লাস্টার্স এফসি ফুটবলাররা বেরিয়ে যান। যদিও গোলটিকে বৈধই ঘোষণা করার সিদ্ধান্তে অনড় থাকেন রেফারি। শেষ অবধি অনেক আলোচনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করেন রেফারি ও সহকারী রেফারিরা। অবশেষে চূড়ান্ত বাঁশি বাজতেই সেমিফাইনালে চলে যায় বেঙ্গালুরু এফসি।
|
কোচ কি শাস্তির কোপে?
কেরালা ব্লাস্টার্স কোচের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ করা হয় সেদিকে তাকিয়ে অনেকেই। যদিও তাঁর এমন আচরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে। মঙ্গলবার ৭ মার্চ মুম্বইয়ে সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। ফিরতি লেগে সেমিফাইনালে সুনীলদের হোম ম্যাচটি হবে রবিবার ১২ মার্চ। কাল দ্বিতীয় প্লে-অফে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি। জয়ী দল সেমিফাইনাল খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
This is HIS kingdom. #WeAreBFC #NothingLikeIt pic.twitter.com/c2cZIsx1Eo
— Bengaluru FC (@bengalurufc) March 3, 2023
Who… are we? 😉#WeAreBFC pic.twitter.com/GGPTWgco8F
— Bengaluru FC (@bengalurufc) March 3, 2023
(ছবি: এফএসডিএল)












Click it and Unblock the Notifications