বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করবেন ‘সৌরভ’, স্বয়ং জানালেন ‘মহারাজ’
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন আসন্ন বিশ্বকাপে তাঁর সমর্থন থাকবে ব্রাজিলের দিকে। কারণ সৌরভ জানান তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক। তবে, ব্রাজিলের সমর্থক হলেও তিনি জানিয়ে দেন লিওনেল মেসির খেলার ভক্ত তিনি।
ক্রিকেট কিংবদন্তি হলেও ফুটবলের প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভালবাসার কথা প্রতিটি ফুটবলপ্রেমী-ই জানেন। অতীতেও বিভিন্ন প্রদর্শনী ম্যাচে কিছু সময়ের জন্য অংশ নিতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। মহামেডনের প্ল্যাটিনাম জুবিলা কাপ বা দাদা বনাম দিয়েগো চ্যারিটি ম্যাচ, সবেতেই উপস্থিত ছিলেন সৌরভ।

দু'বার আইএসএল জয়ী দল এটিকের কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের আগে জানিয়ে দিলেন তিনি কাকে সাপোর্ট করবেন আসন্ন বিশ্বকাপে। সৌরভ বলেন, 'আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল আমার প্রিয় দল।'
ব্রাজিলের সমর্থক হলেও তিনি যে লিওনেল মেসির বড় ভক্ত, তাও জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেটের 'দাদা'। সৌরভ বলেন, 'এই বিশ্বকাপে আমি মেসির দিকে চেয়ে আছি। এখনও পর্যন্ত ও বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। এই বিশ্বকাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেসির জন্য।'
বিশ্বকাপ দেখতে রাশিয়া যাওয়ার পরিকল্পনাও যে তাঁর আছে, তা এদিন জানিয়ে দেন 'মহারাজ'। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্তিনা এবং জার্মানির উপরও যে নজর থাকবে তাও জানিয়েদেন সৌরভ।












Click it and Unblock the Notifications