এটিকে মোহনবাগান ছেড়ে ইউরোপের প্রথম সারির ক্লাবে যোগ দিলেন সন্দেশ ঝিঙ্গান
ভারতীয় ফুটবলে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবার ইউরোপীয় ক্লাবে অভিষেকের অপেক্ষায়। গতকাল ঝিঙ্গানের মেডিক্যাল টেস্টের পর আজ ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনিক আনুষ্ঠানিকভাবে ক্লাবের ওয়েবসাইটে সন্দেশকে নেওয়ার কথা ঘোষণা করেছে। শুভেচ্ছা জানিয়েছে এটিকে মোহনবাগানও। পুরানো ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটে ঝিঙ্গান লিখেছেন, নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপের ক্লাবে খেলে নিজেকে আরও উন্নত করার সুযোগ পাবেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার।
|
এটিকে মোহনবাগান ছেড়ে ক্রোয়েশিয়ায়
সেন্টার-ব্যাক সন্দেশ ঝিঙ্গান গত বছর আইএসএলের আগে এটিকে মোহনবাগানের সঙ্গে যোগ দিয়েছিলেন। পাঁচ বছরের চুক্তি ছিল। তবে সেই চুক্তিতে শর্ত ছিল ইউরোপ বা বিশ্বের কোনও বড় ক্লাবে সুযোগ পেলে তিনি চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবেন। সেই শর্তেই এবার ক্রোয়েশিয়া পাড়ি দিলেন সন্দেশ। ক্লাবের অন্যতম অধিনায়ক সন্দেশের ইউরোপের ক্লাবে সাফল্য কামনা করেছে এটিকে মোহনবাগান।
|
কৃতজ্ঞতা প্রকাশ
ঝিঙ্গান নিজে আজ টুইটারে লেখেন, গত বছর চোট সারিয়ে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলাম। সেখানে কেরিয়ারের অন্যতম সেরা মরশুম কাটাতে পেরেছি ভ্রাতৃসম সতীর্থ, কোচ আন্তোনিও হাবাস, সঞ্জয় সেন-সহ অন্যান্য কোচিং স্টাফ সকলে আমাকে উৎসাহিত করেছেন। প্রতিদিন যাতে নিজেকে আরও উন্নত করতে পারি সেই প্রক্রিয়ায় তাঁরা আমাকে সহযোগিতা করেছেন তাতে আমি কৃতজ্ঞ। সঞ্জীব গোয়েঙ্গা-সহ টিম ম্যানেজমেন্টের সহযোগিতা পেয়েছি। আমার এই সিদ্ধান্তের ফলে এটিকে মোহনবাগানের একজন ফুটবলার কমে গেলেও একজন সমর্থক বেড়ে গেল। কারণ, আমি যেভাবে ক্লাব এগিয়ে যাচ্ছে তার অন্যতম সমর্থক। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ঝিঙ্গান।
|
সিবেনিকে সন্দেশ
দেশের হয়ে ২৮ বছরের সন্দেশ ঝিঙ্গান এখনও অবধি ৪২টি ম্যাচ খেলেছেন। পেশাদার ফুটবলে ঝিঙ্গানের অভিষেক হয় ২০১২ সালের ৬ অক্টোবর। ইউনাইটেড সিকিমের হয়ে আই লিগে। ঝিঙ্গান যে দলে যোগ দিলেন সেই সিবেনিক একবারও ক্রোয়েশিয়ার টপ ডিভিশন লিগ জিততে পারেনি। ২০০৯-১০ মরশুমে তাদের সেরা পজিশন ছিল চতুর্থ স্থান। ঝিঙ্গানের অভিজ্ঞতা সিবেনিককে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে কতটা সহায়ক হবে তা বলবে সময়। তবে ফুটবল সঞ্চালক জো মরিসন টুইটে লিখেছেন, হাঁটুর গুরুতর চোট সারিয়ে ঝিঙ্গান যেভাবে মাঠে ফিরেছেন তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তাঁকে আরও উন্নত করতে সহায়ক হবে ইউরোপীয় ফুটবল। একইসঙ্গে ঝিঙ্গানের যোগদানের আগে সিবেনিকের নাম কেউ জানতেন কিনা জানি না, তবে সন্দেশ আসায় এই ক্লাবও ভারতে মার্কেটিং মাইলেজ পাবে।
(ছবি- সন্দেশ ঝিঙ্গান টুইটার)












Click it and Unblock the Notifications