বিশ্বকাপ এবং ইউরোপীয় টুর্নামেন্টে খেলতে দেওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে হাজির রাশিয়া
বিশ্বকাপ এবং ইউরোপীয় টুর্নামেন্টে খেলতে দেওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে হাজির রাশিয়া
ইউক্রেনের উপর সামরিক আক্রমণের কারণে রাশিয়ার উপর একের এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাদ পড়েনি রুশ ক্রীড়াক্ষেত্রও। বিশ্বের অন্যান্য স্পোর্টস ফেডারেশনের মতোই রাশিয়াকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসিত করেছে ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা।

যার ফলে শুধু চ্যাম্পিয়ন্স লিগ থেকেই রাশিয়ার ক্লাবগুলি নির্বাসিত হয়েছে এমনটা নয়, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে রাশিয়া। অনির্দিষ্ট কালের এই নির্বাচসেনর কারণে রাশিয়ার ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত। কী হতে চলেছে রুশ ক্লাব ফুটবলের, প্রশ্নের মুখে রাশিয়ার জাতীয় দলের ভবিষ্যৎও। কারণ ফিফার থেকে নির্বাসিত হওয়ায় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে পারবে না রাশিয়া।
দেশের ফুটবলের ভবিষ্যৎ নিরাপদ করতে এ বার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এবং ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হল রাশিয়ান ফুটবল ইউনিয়ন। ফিফা এবং উয়েফার সিদ্ধান্তকে অবৈধ বলে নিজেদের আবেদনে উল্লেখ করেছে আরএফইউ। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছে তারা। ফিফার নির্বাসনের জেরে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও খেলতে পারছে না রাশিয়া। আন্তর্জাতিক ক্রীড়া আদালত রাশিয়ার আবেদন গ্রহণ করেছে।
আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে, দু'-একদিনের মধ্যে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে তারা। কারণ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সূচি অনুযায়ী ২৪ মার্চ পোল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে রাশিয়ার। ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচ খেলার কথা রয়েছে। তবে এই ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
কারণ রবার্ট লেওয়ানডস্কিরা আগেই জানিয়েছিল ইউক্রেনের উপর নির্বিচারে আক্রমণ শানানো রাশিয়ার বিরুদ্ধে তারা খেলবে না। শুধু পোল্যান্ডই নয়, সুইডেন, পোল্যান্ড, চেক রিপাবলিকদের মত দেশ গুলি রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াতে তো নয়ই, বিশ্বের অন্য কোনও মাঠেও খেলতে চায়নি। শুধু রাশিয়া নয়, রুশ সমর্থনকারী বেলারুশকেও অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে ফিফা এবং উয়েফা। উল্লেখ্য, একই অভিযোগ হলেও দুই পৃথক সংস্থার বিরুদ্ধে দু'টি পৃথক অভিযোগ দায়ের করেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ান।












Click it and Unblock the Notifications