ফের একবার কলকাতা ফুটবলে পা রাখতে চলেছেন কোয়েস ইস্টবেঙ্গলের প্রাক্তন সিইও
ফের একবার কলকাতা ফুটবলে পা রাখতে চলেছেন কোয়েস ইস্টবেঙ্গলের প্রাক্তন সিইও
ভারতীয় ফুটবলে প্রথম ইনভেস্টর হিসেবে কোয়েসকে এনে তাক লাগিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। ময়দানে সেটাই প্রথম ইনভেস্টরের ধারণা। বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে হাতে হাত মিলিয়ে চললেও এক বছর পরই তাল কাটে।

প্রথম বছর বেশ ভালোভাবে কাটানোর পরের বছর থেকেই ক্লাব-ইনভেস্টরের মধ্যে ফাটল দেখা দেয়। সেই কাজিয়া চরমে পৌঁছলে শেষ পর্যন্ত কোয়েস ও ইস্টবেঙ্গল আলাদা হয়ে গিয়েছিল। সেই বিচ্ছেদের আগে সমর্থকদের রোষের মুখে পরে লাল-হলুদ সমর্থকদের হাতে মার খেয়েছিলেন কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেন। কোয়েস ইস্টবেঙ্গলের প্রাক্তন সিইও সেই সঞ্জিত সেন ফের এবার কলকাতা ফুটবলে পা রাখতে চলেছেন।
লাল হলুদ ফ্যানেদের থেকে পাওয়া সেই তিক্ত অভিজ্ঞতা আর মনে রাখতে চাননি সঞ্জিত। সেই অভিজ্ঞতা ভুলে এবার যুব ফুটবলারদের উন্নতির জন্য তাদের হাতটা শক্ত করে ধরলেন তিনি। আরও একবার কলকাতা ফুটবলে পা রাখলেন কর্পোরেট জগতের এই অভিজ্ঞ ব্যক্তি।
তবে এবার ময়দানের নামী কোনও ক্লাবের সঙ্গে নয়, ফুটবলার তৈরির কাজে নিজেকে উৎসর্গ করলেন সঞ্জিত সেন। কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমির সচিব হিসেবে যোগ দেওয়ার কথা জানালেন সঞ্জিত সেন।
সেই সঙ্গে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমির নতুন একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন তিনি। দুর্বারের এই অ্যাকাডেমিকেই একেবারে আধুনিক ও বিশ্বমানের অ্যাকাডেমি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন সঞ্জিত সেন। এই অ্যাকাডেমি থেকেই দেশের বিভিন্ন ক্লাব ও ভারতীয় ফুটবল একাধিক প্রতিভা পেতে চলেছে বলে স্বপ্ন দেখছেন তিনি। প্রসঙ্গত এর আগে দুর্বার অ্যাকাডেমির ছেলেরা ডেনমার্কে গিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত ডানা কাপ খেলে এসেছে। এবার কর্পোরেট সংস্কৃতির হাতে পরে তারা কীভাবে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications