Paris Olympics 2024: ইউরো কাপ আসেনি, দেশের মাটিতে অলিম্পিক্সের সোনাই টার্গেট অঁরির ফ্রান্সের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে চিত্তাকর্ষক দ্বৈরথ হবে ফুটবলে। ইউরো কাপ ও কোপা আমেরিকার শেষে এবার অলিম্পিক্সের সোনা দখলের লড়াই।
জার্মানিতে অনুষ্ঠিত ইউরো কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ফ্রান্স। যদিও নিজেদের দেশে অলিম্পিক্সে শ্রেষ্ঠত্বের শিরোপা দখলে আত্মবিশ্বাসী ফ্রান্স দল।
প্যারিস অলিম্পিক্সে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন আলেকজান্দ্রে লাকাজেত। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ১৯৮৪ সালে সোনা জিতেছিল ফ্রান্স। সর্বশেষ অলিম্পিক্সে টোকিওয় নক আউট পর্বেই যেতে পারেনি তারা। দেশের মাটিতে অলিম্পিক্স। চেনা পরিবেশে ফ্রান্স দখলে নিতে চাইছে ফুটবলের সোনা।
থিয়েরি অঁরির প্রশিক্ষণাধীন ফ্রান্স। অঁরি নিজের ফুটবল কেরিয়ারে দেশের হয়ে ৫১টি গোল করলেও অলিম্পিক্সে সাফল্য পাননি। কোচ হিসেবেই সেই অপ্রাপ্তি মিটিয়ে ফেলতে চান। তাঁর নেতৃত্বে ফ্রান্স প্রি টুর্নামেন্ট ফ্রেন্ডলি খেলেছে তিনটি, জয় এসেছে ২টিতে।
১৯৬৮ সালের অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল জাপান। সম্প্রতি তাদের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ ১-১ গোলে ড্র রেখেছে ফ্রান্স। আগামী বুধবার মার্সেইয়ে ফ্রান্স খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, অলিম্পিক্সের উদ্বোধন ২৬ জুলাই। তবে তার আগেই শুরু হয়ে যাচ্ছে বেশ কয়েকটি ইভেন্ট। যার অন্যতম ফুটবল।
ফ্রান্স দলের সাফল্য নির্ভর করবে জিন-ফিলিপ মাতেতা, মাইকেল ওলিস, রায়ান চেকরি, মানু কোনদের উপর। ৩৩ বছরের অধিনায়ক লাকাজেত বলেছেন, আমাদের সকলেরই একটিই অ্যাম্বিশন। তা হলো পদক জেতা। যেহেতু দেশের মাটিতে খেলব, সেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার।
ফ্রান্সের অনূর্ধ্ব ২১ ও অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ১১টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছেন অঁরি। জয় এসেছে সাতটি ম্যাচে। গত বছর অগাস্টে কোচিংয়ের দায়িত্ব পান তিনি। বল দখলের লড়াইয়ে আধিপত্য রেখে আগ্রাসী ফুটবল খেলারই নির্দেশ দিয়েছেন অঁরি।
ফুটবলারদের খেলা উপভোগ করে সমর্থকদের মুখে হাসি ফোটানোর আহ্বান জানিয়েছেন ফরাসি কোচ। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্সের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে গিনি ও নিউজিল্যান্ড।













Click it and Unblock the Notifications