ক্রিকেট হোক বা ফুটবল, ভারতে দল পাঠানো নিয়ে পাকিস্তানের টালবাহানা অব্যাহত। সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য পাকিস্তান দলকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ইসলামাবাদের বিদেশ মন্ত্রকে লাল ফিতে ফাঁসে এখনও আটকে পাক ফুটবলে দলের ভারতে আগমনের ভাগ্য।
ক্রিকেটের এশিয়া কাপে ভারতের অংশ গ্রহণ করা নিয়ে বিতর্ক চলছে। এশিয়া কাপ নিয়ে জটিলতার প্রভাব পড়েছে বিশ্বকাপেও। পাকিস্তান ও বলেছে তারা ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করতে নাও পারে। এশিয়ার দুই ক্রিকেট শক্তির রাজনীতিতে দীর্ঘদিন বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। বাইশ গজের বাইরে দুই দেশের লড়াই যখন চরমে পৌঁছে গিয়েছে সেই সময়ে ফুটবল মাঠে পাকিস্তানের ভূমিকা পাল্টালো না।
এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ সংবাদ সংস্থাকে বলেছেন, 'স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক সকল বিভাগই পাকিস্তান ফুটবল দলকে সাফ কাপে অংশগ্রহণ সবুজ সংকেত দিয়েছে।' তিনি আরও বলেছেন, 'আমরা আমাদের কাজ করেছি। আমরা তাদের (পাকিস্তান) স্বাগত জানাতে তৈরি। অংশগ্রহণকারী সব দেশই ভিসা ছাড়পত্র পেয়েছে। অংশগ্রহণকারী দেশগুলিকে ভিসার আনুষ্ঠানিকতা তাদের অংশ করতে হবে।'
পাকিস্তান সরকারের ক্রীড়া এবং বিদেশ মন্ত্রকের অনুমতি ছাড়া ভারত সফর করতে পারে না পাকিস্তানের কোনও জাতীয় দল। খেলোয়াড়দের ব্যক্তিগত সফরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ভারতের মাটিতে সাফ কাপে অংশগ্রহণের জন্য গত ২৫ মে সে দেশের ক্রীড়া এবং বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন। কিন্তু পাক সরকারের দুই মন্ত্রকই এখনও পর্যন্ত অনুমতি দেয়নি বলেই সূত্রের খবর।
২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে সাফ কাপ হবেগ্রুপ 'এ'-তে রয়েছে ভারত। সুনীলদের খেলতে হবে কুয়েত, নেপাল এবং পাকিস্তানের সঙ্গে।তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচই এই গ্রুপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট, হকি হোক বা ফুটবল। এশিয়ার এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে তখনই সেই খেলা অন্যমাত্রা পেয়েছে। ক্রিকেটের মতোই ফুটবলেও দল পাঠানোর ক্ষেত্রে টালবাহান করছে পাকিস্তান।