ISL 2021: রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইয়ের বিজয় রথে রাশ টানল ওড়িশা এফসি
অদম্য জেদ এবং ক্রমাগত আক্রমণ শানানোর সুফল পেল ওড়িশা এফসি। পিছিয়ে পড়েও মুম্বই সিটি এফসি'কে ৪-২ গোলে হারাল ওড়িশা'র ফ্রাঞ্চাইজি দলটি।

সোমবার ম্যাচের শুরুতেই আরিদাল কাবরেরা'র গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। এই গোলের পিছনে যতটা না ওড়িশা এফসি'র ফুটবলারদের অবদান রয়েছে, তার থেকে অনেক বেশি ত্রুটি রয়েছে মুম্বই সিটি এফসি'র অধিনায়ক মোর্তাদা ফলের। সহজেই সেনেগালের এই ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নেন ওড়িশা'র আরিদাই সুয়ারেজ। গতিতে মার্কার'কে পরাস্থ করে নিখুঁত শটে জগন্নাথ দেবের শহরের দলকে এগিয়ে দেন সুয়ারেজ।
ওড়িশার দুর্বল ডিফেন্স এই গোলের লিড দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি। কাসিও গ্যাব্রিয়েলের পাস থেকে মুম্বই সিটি এফসি'কে সমতায় ফেরান আহমেদ জাহু। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বানিজ্যনগরীর দলকে সমতায় ফেরান আহমেদ। তাঁর দুরপাল্লার শট পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। গোলরক্ষকের পক্ষে কোনও ভাবেই এই শট আটকানো সম্ভব ছিল না।
৩৮ মিনিটে মুম্বই'কে এগিয়ে দেন ইগর আঙ্গুলো। আহমেদ জাহু-র ফ্রি-কিক বক্সের উপর আছড়ে পড়লে অসাধারণ ক্ষীপ্রতায় তা জালে জড়িয়ে দেন ইগর অঙ্গুলো। প্রথমার্ধ শেষে মুম্বই সিটি এফসি ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে পারেনি মুম্বইয়ের ডিফেন্ডার'রা। মুম্বই ডিফেন্সের ভুলে ৭০ মিনিটে ওড়িশা'কে সমতায় ফেরায় জেরি মাউইমিংথাঙ্গা। নন্দকুমার সেখরের পাস থেকে ওড়িশা'কে সমতায় ফেরায় জেরি। লেফট ফ্ল্যাঙ্ক থেকে নন্দকুমারের ভেসে আসা ক্রস দারুণ ভাবে হেড করে জালে জড়িয়ে দেন জেরি।
এই গোলের সাত মিনিটের মাথায় ফের গোল পায় ওড়িশা। এ বার গোল স্কোরার সেই জেরি। বক্সের টপ কর্নার থেকে ওড়িশা'কে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। মাত্র সাত মিনিটের মধ্যে বদলে যায় গোটা ম্যাচের চিত্রটা। যেই মুম্বই গোটা ম্যাচে দাপট দেখাচ্ছিল সেই দলটাই জেরির দুই গোলে ব্যাকফুটে পড়ে যায়। ৮৯ মিনিটে ওড়িশার পক্ষে চতুর্থ গোলটি করে ম্যাচে ভাগ্য লিখে দেন জোনাথাস ক্রিস্টিয়ান। দ্বিতীয়ার্ধে দুই গোল করা জেরি'র পাস থেকেই গোলটি করেন জোনাথাস।
মার্কার'কে এড়িয়ে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে বল ভাসান জেরি। সহজ সুযোগ থেকে গোল করতে ভুল করেননি জোনাথাস। এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবলে মুম্বই সিটি এফসি'র পজিশনের কোনও পরিবর্তন হয়নি। ৯ ম্যাচে পাঁচটি জয় এবং একটি ম্যাচ ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ওড়িশা এফসি।












Click it and Unblock the Notifications