ISL 2023-24: হাবাসের আগমনে এবার ফুটবলার বদল করবে মোহনবাগান এসজি? কুয়াদ্রাতের ভাবনা কী?
এএফসি এশিয়ান কাপ চলায় আপাতত বিরতিতে রয়েছে আইএসএল। কিন্তু ভারতীয় ফুটবলের এখন চলছে সুপার কাপ। এরইমধ্যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চালু রয়েছে দলবদলের পালা।কলকাতার দুই প্রধান অর্থ্যাত মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল কী ফুটবলার বদলের পথে হাঁটছে? নাকি একই ধল ধরে রাখছে বাকি মরসুমের জন্য।সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইএসএলের ওয়েবসাইটে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ১২টি দলের মধ্যে ১০টি দল নিজেদের ফুটবলারদের তালিকা জানিয়েছে। তার মধ্যে কোনও ক্লাব প্লেয়ার ছেড়েছে বা নিয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই তালিকায় নাম নেই সবুজ মেরুনের। অর্থ্যাত তাঁরা এখনও পর্যন্ত কোনও ফুটবলারকে ছাড়েনি বা কোনও ফুটবলারকে নেয়নি।

সূত্রের খবর, মোহনবাগান এসজির বেশ কয়েকজন ফুটবলার স্ক্যানারের তলায় রয়েছেন, সুপার কাপই তাঁদের শেষ সুযোগ। বিশেষ করে দুই বিদেশি কামিংস এবং সাদিকু। পাশাপাশি আনোয়ার আলি চোট সারিয়ে মাঠে ফিরলেও এখনও ম্যাচ ফিট নন, এই পরিস্থিতিতে একজন দেশীয় ডিফেন্ডারকেও দলে নিতে চাইছে সবুজ মেরুন। হায়দরাবাদের চিংলেন সানা সিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে।
লোনে ফুটবলার মোবাশির রহমানকে চেন্নাইয়িন এফসি-তে পাঠিয়েছে ইস্টবেঙ্গল। বদলে কোনও ফুটবলার এখনই নিচ্ছে না কার্লোস কুয়াদ্রাতের দল। এর আগে ভিপি সুহেরকেও হায়দরাবাদ এফসিতে পাঠিয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ফুটবলার ছাড়লেও তাঁদের বিকল্প কে হবেন সেটা এখনও ঘোষণা করেনি ইস্টবেঙ্গল শিবির। স্প্যানিশ কোচ এখনই দলে বদল চাইছেন না।
আগামী শুক্রবার সুপার কাপের ডার্বি। মোহনবাগান এসজি সুপার কাপে তাদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ হারিয়েছিল। হায়দরাবাদকে দ্বিতীয় ম্যাচে তারা ২-১ গোলে হারিয়ে দেয়। সবুজ মেরুনের পয়েন্ট ৬। গোলপার্থক্য ২। ইস্টবেঙ্গল প্রথমে ৩-২ হারিয়েছে হায়দরাবাদ এফসি-কে। দ্বিতীয় ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ হারায় ক্লেইটনরা। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট লাল-হলুদের। তাদের গোলপার্থক্য ২।
যা পরিস্থিতি তাতে হাবাসকে প্রথম ম্যাচেই জিততে হবে। ড্র হলে বেশি গোল করার জন্য ইস্টবেঙ্গল উঠবে, কিন্তু ছিটকে যাবে সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications