Premier League: চেলসি হেরেই চলেছে, বিদ্রুপের মুখে পড়ল গোটা দল! কাতর আর্জি পচেত্তিনোর
Premier League: চেলসির দুঃসময় অব্যাহত। প্রিমিয়ার লিগে এখন মৌরিসিও পচেত্তিনোর দলের অবস্থান ১১ নম্বরে। গতকাল উভসের কাছে পরাজয় ২-৪ গোলে। যার জেরে বিদ্রুপের মুখে পড়তে হলো গোটা দলকে।
পরিস্থিতি যে কঠিন সেটা টের পাচ্ছেন পচেত্তিনো। ২৩ ম্যাচে চেলসির ঝুলিতে মাত্র ৩১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে লিভারপুল। ২ পয়েন্ট পিছনে আর্সেনাল।
গতকালের ম্যাচে ১৯ মিনিটে কোল পারমারের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। যদিও তিন মিনিট পরেই গোল হজম করতে হয়। উভসের হয়ে গোল করেন মাতেউস কুনিয়া। তিনি এই ম্য়াচে হ্যাটট্রিকও করেছেন। ৪৩ মিনিটে চেলসি পিছিয়ে পড়ে আক্সেল দিসাসির আত্মঘাতী গোলে। বিরতিতে উভস এগিয়ে ছিল ২-১ গোলে।
এরপর ৬৩ মিনিটে কুনিয়া ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। কুনিয়ার পা থেকেই আসে উভসের চতুর্থ গোলটি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে তিনি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ৮৬ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হন থিয়াগো সিলভা। কিন্তু পরাজয় এড়াতে পারেনি চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে এগিয়ে যাওয়ার পরেও এমন পরাজয়ের সম্মুখীন হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পচেত্তিনো। ম্যাচের শেষে বিদ্রুপ শুনতে শুনতে মাঠ ছাড়েন চেলসির ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ২৩টি ম্যাচের মধ্যে গতকাল দশম পরাজয়ের মুখোমুখি হলো চেলসি।
সমর্থকরা বিরতি এবং ম্যাচের শেষে যেমন প্রাক্তন কর্ণধার রোমান আব্রামোভিচের নামোল্লেখ করেন, তেমনই উপহাস করলেন আর্জেন্তিনীয় পচেত্তিনো ও তাঁর দলের ফুটবলারদের। চেলসি নিজেদের মাঠে ১৯৭৯ সালের পর এই প্রথম উভসের কাছে হারল। যা মানতে পারছেন না সমর্থকরা।
প্রতিপক্ষের বিরুদ্ধে চেলসি প্রত্যাশিতভাবে লড়াই করতে পারেনি বলে অভিযোগ। তাতেই ক্ষোভ চরমে ওঠে সমর্থকদের। পচেত্তিনো বলেন, আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ধারণা ও বাস্তবায়নের মধ্যে ফারাক রয়েছে। সকলে চাইছেন, চেলসি ভালো জায়গায় থাকুক। কিন্তু পরিস্থিতির কারণে আমরা সেখানে যেতে পারিনি। হয়তো আমরা ভালো খেলতে পারছি না। কিন্তু কী করার আছে?
পচেত্তিনোর কথায়, দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন হতে হবে সকলকে। ফ্যানেদের বোঝা খুব জরুরি। আমরা ক্ষমা চাইছি, খারাপ লাগছে। সমর্থকদের মতো আমরাও হতাশ। কিন্তু শেষ অবধি আমাদের লড়াইটা করতে হবে এককাট্টা হয়েই। অর্থাৎ ৯০ মিনিট আরও সঙ্ঘবদ্ধ ফুটবল চাইছেন দলের হেড কোচ।
একই সঙ্গে পচেত্তিনো বলেন, দল খারাপ খেললে নিশ্চিতভাবেই সমালোচনা করা বা রাগ প্রকাশের অধিকার সমর্থকদের রয়েছে। কিন্তু মনে রাখতে হবে তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়া হয়েছে। তাঁদের সমর্থন করাটাও জরুরি। হাল না ছাড়ার মানসিকতা না রেখে সাহসী ফুটবল খেলার বার্তাই দিয়েছেন পচেত্তিনো। আমরা ডাগআউটে থাকি। বাইরে থেকে খেলা দেখা সহজ। কিন্তু স্ট্রেস এলে পরিস্থিতি জটিল হয়ে যায়। তাই ফুটবলারদের পাশে থাকার আর্জি জানান পচেত্তিনো।













Click it and Unblock the Notifications