Igor Stimac: তিন দশকের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, বুদ্ধিদীপ্ত ফুটবল খেলেই কুয়েতকে হারানোর ছক ইগরের
আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তবে ম্যাচটা যতটা ভারতের তার থেকে বেশি সুনীল ছেত্রীর। কারণ ঔদিনই ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন ক্যাপ্টেন।তবে এই ম্যাচটা যে গত চিন দশকের মধ্যে ভারতীয় ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তা জানিয়ে দিলেন কোচ ইগর স্টিমাচ।
ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। লিগ টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট সুনীল ছেত্রীদের। কুয়েতকে হারালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাওয়ার সুযোগ বাড়বে ভারতের। তৃতীয় রাউন্ডে ওঠা মানে পরের এশিয়া কাপের যোগ্যতা অর্জনও সম্পন্ন করে ফেলা।

প্রতিপক্ষের মাঠে গিয়ে কুয়েতকে ১-০ গোলে হারিয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। ঘরের মাঠেও জিতেই মাঠ ছাড়তে চাইছেন ইগর স্টিমাচের শিষ্যরা। কুয়েতকে প্রথম পর্বের ম্যাচে হারানোর আত্মবিশ্বাস নিয়েই আগামী বৃহস্পতিবার মাঠে নামবে ভারতীয় দল।
ভারতের কোচ বলেন, "কুয়েতের ম্যাচটা ভারতের গত তিন দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত কোনওদিন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি। সেই সুযোগের সামনে চলে আসাটাও কৃতিত্বের। বিশ্বকাপের স্বপ্নপূরণ হবে কিনা জানা নেই, তবে এশিয়ার সেরা দেশগুলোর সঙ্গে ম্যাচ খেলতে পারাটাও কম নয়। '
একইসঙ্গে স্টিমাচ বলেন, 'তৃতীয় রাউন্ডে উঠতে পারলে সেটা ভারতীয় ফুটবলের ইতিহাস হবে। এশিয়ার সেরা দেশগুলির বিরুদ্ধে আরও দশটা ম্যাচ খেলার সুযোগ পাওয়াটা বিরাট এক প্রাপ্তি হবে। বিশ্ব ফুটবলের বড় মঞ্চে খেলার স্বপ্ন আরও গাঢ় হবে ভারতের।'
এর পাশাপাশি স্টিমাচ আরও বলেন, এই খেলার প্রস্তুতির জন্য দুটি মূল বিষয় রয়েছে। প্রথমত, খেলাটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের খুব চতুর হতে হবে। আমাদের বুঝতে হবে যে খেলায় আমাদের ধৈর্যের প্রয়োজন। যদি আমরা প্রথম আধ ঘন্টার মধ্যে স্কোরিং না খুলি, তাহলে আমাদের বুদ্ধিমান হতে হবে এবং গতির সাথে মানসম্পন্ন ফুটবল খেলতে হবে। এই সমস্ত দিকগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের তাদের জন্য প্রস্তুত থাকতে হবে।
ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর সেটিই শেষ ম্যাচ। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিটের ন্যূনতম মূল্য ১০০ টাকা। সর্বোচ্চ দাম ১০০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম হাজার টাকা রাখা হয়েছে। বাকি গ্যালারির টিকিটের মূল্য ১৫০, ২০০, ২৫০ এবং ৩৫০। রবিবার থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। যুবভারতীর বক্স অফিসে পাওয়া যাচ্ছে টিকিট।












Click it and Unblock the Notifications