Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা র্যাটক্লিফের, ব্রিটিশ ধনকুবের কত অর্থ ঢালছেন?
Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফে। ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। মাইনরিটি স্টেকহোল্ডার হলেন আইএনইওএসের চেয়ারম্যান।
জানা যাচ্ছে, ২৫ শতাংশ মালিকানা কেনার জন্য র্যাটক্লিফ খরচ করছেন ১.৬ বিলিয়ন পাউন্ড। সেই সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে আরও পরিকাঠামোগত উন্নতির জন্য আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম বৃহৎ রাসায়নিক উৎপাদন সংস্থার প্রধান।

পুরুষ ও মহিলা ফুটবল দলের পাশাপাশি আকাদেমিতেও যেমন র্যাটক্লিফের মালিকানা থাকছে, তেমনই ম্যানচেস্টার ইউনাইটেডের পিএলসি বোর্ড ও ফুটবল ক্লাবের বোর্ডেও প্রতিনিধিত্ব থাকছে। জানা যাচ্ছে, কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি ম্যান ইউ ক্লাব কিনতে আগ্রহী ছিলেন, কিন্তু ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি দর দিতে তিনি রাজি হননি।
র্যাটক্লিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক ছিলাম। সেই ক্লাবেই ফুটবলের কাজকর্ম পরিচালনার দায়িত্বভারের শরিক হতে পেরে খুবই ভালো লাগছে। ম্যানচেস্টারের মালিকানা কেনার পর দলের প্রশিক্ষক এরিক টেন হ্যাগের ভবিষ্যৎ নির্ধারণে র্যাটক্লিফের মতামত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই মুহূর্তে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার আটে রয়েছে ম্যান ইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছেও শেষ ম্যাচে ২ গোলে হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। ফলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় টেন হ্যাগের উপর কোপ পড়তেই পারে।
উল্লেখ্য, ২০১২-১৩ মরশুমের পর আর লিগ খেতাব পায়নি ইউনাইটেড। স্যর অ্যালেক্স ফার্গুসন অব্যাহতি নেওয়ার পর হোসে মোরিনহো, লুই ফান গালেরা এসেও ক্লাবকে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারেননি। র্যাটক্লিফ এসেই জানিয়ে দিয়েছেন, ক্লাবের হৃতগৌরব ফিরিয়ে দেওয়াতেই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করা হবে। র্যাটক্লিফ আপাতত ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। ভবিষ্যতে সেই পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে জল্পনাও রয়েছে। যদিও ক্লাবের সমর্থকরা আশাবাদী, এবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।












Click it and Unblock the Notifications