অনেক পিছনে রোনাল্ডো, মেসির আয় মাথা ঘুরিয়ে দিতে পারে!
অনেক পিছনে রোনাল্ডো, মেসির আয় মাথা ঘুরিয়ে দিতে পারে!
লিওনেল মেসি (Lionel Messi)-র সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)-র তুলনা চলে সব সময়ই। কে সেরা তা নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে সব সময় চলে তর্ক। দু-পক্ষের কাছেই তাই রয়েছে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি। তবে আয়ের নিরিখে এল এম টেন অনেক পিছনে ফেলে দিয়েছেন সি আর সেভেনকে। শুধু রোনাল্ডোই বলি কেন, বার্ষিক আয়ের নিরিখে বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী ক্রীড়াবিদের নাম মেসি-ই।

মাথা ঘুরিয়ে দিতে পারে আয়ের অঙ্ক
স্পেনের সংবাদমাধ্যমে মেসির আয় সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। যা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালে মেসি বার্সেলোনা (Barcelona)-র সঙ্গে চুক্তিবদ্ধ হন চার বছরে মোট ৫৫৫ মিলিয়ন ইউরো বা ৬৭৪ মিলিয়ন ডলারের বিনিময়ে। এর মধ্যে ইতিমধ্যেই ৫১০ মিলিয়ন ইউরো বা ৬১৯ মিলিয়ন ইউরো পেয়েছেন মেসি। স্যালারি, মার্কেটিং রাইটস, এনডোর্সমেন্ট বোনাস ইত্যাদি বাবদ বছরে মেসির আয় ১৩৮ মিলিয়ন ইউরো বা ১৬৭ মিলিয়ন মার্কিন ডলার। বার্সার সঙ্গে মেসির চুক্তির অঙ্ক প্রকাশ করার পাশাপাশি এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে বার্সেলোনা ১.২ বিলিয়ন ইউরো বা ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ধারে ডুবে রয়েছে। উল্লেখ্য়, গত মরশুমেই মেসি বার্সা ছাড়তে চাইলেও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে ক্লাব ছাড়তে পারেননি। তবে এই মরশুমের শেষে তিনি বার্সেলোনা ছাড়বেন এটা এক প্রকার নিশ্চিত।

আয়ের নিরিখে মেসির পিছনে রোনাল্ডো
আয়ের নিরিখে অবশ্য মেসির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সা থেকে মেসির আয় যেখানে বছরে ১৩৮ মিলিয়ন ইউরো সেখানে জুভেন্টাসে রোনাল্ডোর বার্ষিক আয় বছরে ৩০ মিলিয়ন ইউরো বা ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের মে মাসে জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হন রোনাল্ডো।

মেসির পাশেই বার্সা, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
গত রবিবারই বার্সার হয়ে ৬৫০তম গোল করেছেন মেসি। তার মধ্যেই তাঁর চুক্তির অঙ্ক, বার্সার বিপুল দেনায় ডুবে থাকার খবর প্রকাশিত হতেই অস্বস্তিতে পড়েছেন ক্লাবকর্তারা। তাঁরা অবশ্য সংবাদমাধ্যমের ওই দাবি নস্যাৎ করে দিয়েছেন এবং জানিয়েছেন এই খবরের দায় ক্লাবের নয়। মেসির চাহিদামতো অঙ্কের বিনিময়ে তাঁকে ধরে রাখা যে সম্ভব হচ্ছে না ক্লাবের তরফে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তবু ক্লাবের কর্তারা স্পেনের ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে অনুমতি না নিয়ে এই খবর প্রকাশের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মেসির পাশে থেকে তাঁদের দাবি মেসির ভাবমূর্তিকে আঘাত করা বা তাঁর সঙ্গে ক্লাবের সম্পর্ক খারাপ করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications