Kylian Mbappé: রিয়াল মাদ্রিদ ৫ বছরের জন্য নিল এমবাপেকে, চুক্তির অঙ্ক তাক লাগানোর মতো
Kylian Mbappé: প্যারিস অলিম্পিক্সে ফ্রান্স দলে রাখা হয়নি কিলিয়ান এমবাপেকে। এই খবর জানার পর কিছুটা মুষড়ে পড়েছিলেন ভক্তরা। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই বিরাট সুখবর।
জল্পনাকে সত্যি করে রিয়াল মাদ্রিদেই যোগ দিলেন এমবাপে। ফরাসি তারকার সঙ্গে পিএসজির চুক্তি শেষের পর ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দিলেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলে।

আগের মাসেই পিএসজি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন এমবাপে। তখন থেকেই চর্চা ছিল এমবাপের পরবর্তী ক্লাব নিয়ে। বেশ কিছুদিন ধরেই রিয়ালের নাম এগিয়ে ছিল। সেই ক্লাবের সঙ্গেই এমবাপের চুক্তি সম্পাদিত হলো। তাও আবার পাঁচ বছরের জন্য। এমবাপে এক্স হ্যান্ডলে লিখেছেন, স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুশি ও গর্বিত।
এমবাপে আরও জানিয়েছেন, নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি যে কতটা উত্তেজিত তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছেন না। রিয়াল মাদ্রিদের সমর্থকদের সমর্থনকে কুর্নিশ জানিয়ে এমবাপে জানিয়েছেন, তিনি সকলের সঙ্গে দেখা করার জন্য প্রহর গুনছেন।
ইএসপিএনের প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বা ১৬.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে রিয়াল এমবাপের সম্মতি আদায়ে সমর্থ হয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে গত ফেব্রুয়ারি থেকেই চুক্তির অঙ্ক নিয়ে কথাবার্তা চলছিল বলে জানা গিয়েছে।
Un sueño hecho realidad.
— Kylian Mbappé (@KMbappe) June 3, 2024
Muy feliz y orgulloso de formar parte del club de mis sueños @realmadrid Es imposible explicar lo feliz y emocionado que me siento en este momento. Estoy impaciente por veros, Madridistas, y gracias por vuestro increíble apoyo.
¡Hala Madrid! 🤍🤍🤍
A… pic.twitter.com/YTumusAXT6
রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লা লিগা চ্যাম্পিয়ন। গত শনিবার লন্ডনের ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে, এই নিয়ে ১৫ বার। ভিন্সিয়াস জুনিয়র, রডরিগো, জুড বেলিংহ্যামদের সঙ্গে এমবাপে যুক্ত হওয়ায় নিশ্চিতভাবেই রিয়ালের আক্রমণভাগ আরও ক্ষুরধার ও শক্তিশালী হলো।
২০১৭ সালে মোনাকোর হয়ে সাফল্যের পর এমবাপের রিয়ালে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তিনি যোগ দিয়েছিলেন পিএসজিতে। ১৮০ মিলিয়ন ইউরো বা ১৯৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড চুক্তিতে পিএসজিতে যান টিনএজার এমবাপে। পিএসজিকে নেতৃত্ব দিয়েছেন।
পিএসজির হয়ে সবচেয়ে বেশি ২৫৫টি গোল করেছেন এমবাপে, লিগ ১ খেতাব সাত মরশুমের মধ্যে জিতেছেন ৬ বার। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য এমবারে গত বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে ফাইনালে হ্যাটট্রিক করেন। তবে ফাইনালে হেরে গিয়েছিল ফ্রান্স।
#WelcomeMbappé pic.twitter.com/uYVKdpQUrN
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) June 3, 2024
এমবাপের বয়স এখন ২৫। ইতিমধ্যেই তিনি ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। বছর দুয়েক আগেও তিনি পিএসজি ছেড়ে রিয়ালে যেতে পারেন বলে চর্চা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মত বদলে তিনি চলতি বছর অবধি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এমবাপের পরবর্তী লক্ষ্য জার্মানিতে আসন্ন ইউরো কাপে ফ্রান্সকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করানো।












Click it and Unblock the Notifications