King’s Cup 2023: দুইবার এগিয়ে গিয়েও জয় অধরাই, ইরাকের কাছে টাইব্রেকারের হার ভারতের
কিংস কাপের সেমিফাইনালে ইরাকের কাছে হার ভারতের। দুই বার এগিয়ে গিয়ে গিয়েও জয় অধরাই থাকল ভারতের। ২-২ গোল নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ফলে ম্যাচ জিতল ইরাক। খাতায় কলমে ভারতের থেকে অনেকটাই শক্তিশালী ইরাক। ফিফা ক্রম তালিকায় ৭৯ নম্বরে রয়েছে মধ্য প্রাচ্যের এই দেশটি। সেখানে ভারতের স্থান ৯৯।
ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ভারত। আশিক কুরিয়ানেপ থ্রু থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন নওরম মহেশ সিং। ইরাকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরুতেই গোল পেয়ে আরও চনমনে হয়ে উঠে ইগর স্টিমাচের দল।এরপর ফের সুযোগ এসেছিল ভারতের কাছে। কিন্তু মনবীর সিং সুযোগটা কাজে লাগাতে পারলেন না।

যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্লু ব্রিগেড।২৭ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ড বল করেন ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। ফলে নিজে তো হলুদ কার্ড দেখেন একইসঙ্গে ইরাককে পেনাল্টি উপহার দেন। সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান ইরাকের আল হামাদি।
গোল খাওয়ার পর কিছুটা চাপ বাড়ায় ইরাক। যদিও ভারতীয় রক্ষণ সজাগ ছিল, কোনও রকম ভুল করেনি আনোয়ার আলি -আকাশ মিশ্ররা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি ইরাকের ফুটবলাররা। ১-১ ফলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের চমক ভারতীয় দলের। ৫১ মিনিটে ফের লিড নিয়ে নেয় ভারত। যদিও গোলটা উপহার পাওয়ায়। আকাশ মিশ্রার ক্রস ইরাক গোলরক্ষকের হাত ফস্কে জালে জড়িয়ে যায়। গোল খাওয়ার পরই যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠে ইরাক। একের পর এক আক্রমণ সানাতে থাকে ভারতের বক্সে। এরইমধ্যে আশিক কুরিয়ানের পরিবর্তে নামান বঙ্গ ফুটবলার রহিম আলিকে।
৬৫ মিনিটের পরই ঠক পরিবর্তন করেন কোচ ইগর স্টিমাচ। একসঙ্গে চারটি পরিবর্তন করেন ভারতীয় কোচ। জ্যাকসন, অনিরুদ্ধ থাপা, মনবীর, নওরমকে তুলে রাহুল কেপি, রোহিত কুমার, ব্রেন্ডন, সুরেশকে নামিয়ে ডিফেন্সকে আরও শক্তপোক্ত করেন স্টিমাচ।
ইরাকের আক্রমণের সামনে ভারতীয় ডিফেন্ডাররা চোয়াল চাপা লড়াই করতে থাকেন। ৭৮ মিনিটে আমেনকে বক্সের মধ্যে ফাউল করেন বসেন সন্দেশ জিঙ্গান। পেনাল্টি থেকে ২-২ করলেন আমেন। কিন্ত এই ফাউল নিয়ে বিতর্ক থাকল।
ম্যাচ যথেষ্টই চড়া মেজাজে হল, অতিরিক্ত সময়ে রহিম আলিকে বিশ্রী ভাবে ফাউল করে লাল কার্ড দেখলেন ইরাকের ফুটবলার ইকবাল। ২-২ গোলেই সমাপ্ত হয় ৯০ মিনিট। এরপর সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার মীমাংসা হয়। ৫-৪ ফলে ম্যাচ জিতে যায় ইরাক।
ব্রেন্ডনের প্রথম শট পোস্টে লাগে, এরপর গোল করেন সন্দেশ, সুরেশ,আনোয়ার আলি, রহিম আলি।
চলতি বছরে আন্তমহাদেশীয় কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। চলতি মরসুমেই রয়েছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এবং এএফসি এশিয়ান কাপ। ফলে কিংস কাপ থেকেই কিন্তু তার প্রস্তুতি শুরু করে দিল ভারত।












Click it and Unblock the Notifications