Kalinga Super Cup 2024: ডার্বির আগেই স্বস্তি মোহনবাগান সুপার জায়ান্টে, শহরে পৌঁছে কোন বার্তা হাবাসের?
Kalinga Super Cup 2024: মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হিসেবে নয়া ইনিংসের সূচনা করতে কলকাতায় পৌঁছে গেলেন আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলে যিনি সফলতম কোচ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
আইএসএলে ব্যর্থতার জেরে সবুজ মেরুনের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান হুয়ান ফেরান্দো। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এবার শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত থাকা হাবাসই ফেরান্দোর স্থলাভিষিক্ত হয়েছেন।

মাদ্রিদ থেকে আজই তিনি কলকাতায় পৌঁছেছেন। কাল ভুবনেশ্বরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। শুক্রবার কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মতো মোহনবাগান সুপার জায়ান্টও প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। গুরুত্বপূর্ণ ডার্বির আগে হেড কোচের পৌঁছে যাওয়া নিশ্চিতভাবেই স্বস্তি দিল সবুজ মেরুন শিবিরকে।
অতীতে ভারতে কোচিং করানোর বিপুল অভিজ্ঞতা রয়েছে হাবাসের। বড় ম্যাচের আবহ সম্পর্কেও যথেষ্টই ওয়াকিবহাল। আজ শহরে পৌঁছে এমবিএসজি মিডিয়াকে তিনি বলেছেন, আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এখানকার ফুটবলপ্রেমীরা আমার খুব প্রিয়। সবই আমার চেনা।
শতাব্দীপ্রাচীন ক্লাবের হেড কোচের পদে তাঁর উপর আস্থা রাখার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবাস বলেন, চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টকে সেরা করার, সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের। এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে। সেই পরম্পরা বজায় রাখারই চেষ্টা করব।
হাবাস আরও বলেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে যোগাযোগ ছিলই। এবার মাঠে নেমে হাতেকলমে কাজ করতে হবে। যেখানে যা উন্নতির প্রয়োজন, তা সুনিশ্চিত করতে হবে। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। ভুবনেশ্বরে গিয়ে ওঁর এবং ফুটবলারদের সঙ্গে দেখা হবে, কথা হবে। দলগতভাবে সেরাটা তুলে ধরাই চ্যালেঞ্জ।
২০১৪ সালে আতলেতিকো দে কলকাতার হেড কোচ হয়েছিলেন হাবাস। সেবার এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়। ২০১৪ থেকে ২০১৫ সাল অবধি হাবাস এটিকে-র কোচ ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ অবধি ছিলেন পুনে সিটি এফসির দায়িত্বে। ২০১৯ সালে ফের এটিকেতে প্রত্যাবর্তন। ২০২০ সাল অবধি ছিলেন এটিকেতে। ২০১৯-২০ মরশুমেও আইএসএল খেতাব জেতে এটিকে।
২০২০ সালে এটিকে মোহনবাগানের হেড কোচ হন হাবাস। ২০২১ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। এবার ফেরান্দোর বিদায়ের পর হাবাস ফের সবুজ মেরুন শিবিরের হেড স্যার হলেন। তাঁর কোচিংয়ে প্রথম দফায় এটিকে ৩৩টি ম্যাচ খেলে ১৩টিতে জেতে, ১১টি ড্র করে, ৯টি ম্যাচে পরাস্ত হয়।
এটিকে-তে প্রত্যাবর্তনের পর তাঁর কোচিংয়ে আইএসএলে কলকাতার দলটি ২১টি ম্যাচের ১২টিতে জেতে, চারটি ড্র, পাঁচটিতে হার। এটিকে মোহনবাগান হাবাসের কোচিংয়ে ৩৩টি ম্যাচের মধ্যে জেতে ১৭টিতে, হার ৮টিতে, ড্র হয়েছিল ৮টি ম্যাচ। হাবাসের হাত ধরে এবার মোহনবাগান সুপার জায়ান্ট কলিঙ্গ সুপার কাপ ও আইএসএল জিততে পারে কিনা তা বলবে সময়। আপাতত নজরে থাকবে ডার্বিতে হাবাসের রণকৌশল।












Click it and Unblock the Notifications