ISL: নর্থইস্ট ম্যাচের আগে মলিনার ফোকাসে রক্ষণ, সবুজ মেরুন জার্সিতে অভিষেক হবে ম্যাকলারেনের?
সোমবার আইএসএলে প্রথম জয়ের সন্ধানে নামছে মোহনবাগান এসজি। ঘরের মাঠে সবুজ মেরুনের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। মোহনবাগান এসজি কোচ হোসে মলিনা তাঁর দলের গোল হজমের বিষয়ে সতর্ক। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও তিন পয়েন্ট পেতে ব্যর্থ হয় সবুজ মেরুন ব্রিগেড। যদিও সোমবার ডুরান্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘুরিয়ে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ মলিনার দল।
গত মাসে এই নর্থইস্ট দলের কাছে হেরে ডুরান্ড কাপের খেতাব হাতছাড়া হয়েছিল। কিন্তু বাগান শিবিরে বদলার কোনও মনোভাব নেই। বরং লক্ষ্য পুরো তিন পয়েন্ট ম্যাচ থেকে সংগ্রহ করা।

এই ম্যাচের আগে সমর্থকদের মনে একটাই প্রশ্ন জেমি ম্যাকলারেন কি নর্থইস্ট ম্যাচে মাঠে নামবেন? ম্যাচের আগের দিন যে সময় টুকু অনুশীলন দেখা যায় সেই সময়ে চনমনে দেখিয়েছে অজি তারকাকে। শেষ ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি।
ম্যাকলারেন প্রসঙ্গে মলিনা বলেন, 'ম্যাকলারেন প্রথম একাদশে থাকবেন কিনা সেটা আমি ম্যাচের আগে প্রেসের সামনে প্রকাশ্যে ঘোষণা করব না তবে এই টুকু বলতে পারি ম্যাকলারেন খেলার জন্য সম্পূর্ণ ফিট আছে, আজকের অনুশীলনে ওকে দেখা হবে।'
বর্তমান মোহনবাগান এসজি দলের গোল করার লোক অনেক কিন্তু গোলরক্ষা করার লোক কোথায়? ডুরান্ড কাপের পর আইএসএলের প্রথম ম্যাচেও হতশ্রী বাগানের রক্ষণ।ফলে মরশুমের শুরু থেকেই সবুজ মেরুন শিবিরে আতঙ্কের নাম ডিফেন্স। গত মরশুমে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন আনোয়ার আলি, এবার তিনি দল ছেড়েছেন। ফলে সেই জায়গায় মলিনা খেলাচ্ছেন দীপেন্দুকে। তরুণ ফুটবলার নিজের সেরাটা দিচ্ছেন।
নর্থ ইস্ট ম্যাচের আগে মলিনা বলেন, 'আমি গত মরশুমে আনোয়ারের খেলা দেখেছি, ওকে এবার নিজের পরিকল্পনাতে রাখিনি। ওর পরিবর্তে এবার দীপেন্দু বিশ্বাস যে খেলাটা খেলছে তা সত্যিই প্রশংসাযোগ্য। আমাদের গোল করতে হবে কিন্তু গোল খাওয়া চলবে না।'
আইএসএলে্র পর এসিএস ২, প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াতে হয়েছে মোহনবাগান এসজিকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে সবুজ মেরুন ব্রিগেড। তারকা খচিত দল গড়েও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না মোহনবাগান এসজি। মলিনার সামনে কঠিন পরীক্ষা।












Click it and Unblock the Notifications