ISL: নর্থইস্টের বিরুদ্ধে জয়, সেমিফাইনালে মোহনবাগান এসজির প্রতিপক্ষ জামশেদপুর
আইএসএলের প্লে-অফের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি। এই ম্যাচে ২-০ গোলে সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর এফসি। মোহনবাগান এসজির প্রতিপক্ষ খালিদ জামিলের দল।
এই ম্যাচে ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে নর্থইস্ট। অন্যদিকে, ৪-৪-২ পরিচিত ছকেই দল নামান জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল। লিগ টেবলে নর্থইস্ট চার নম্বরে শেষ করেছিল অন্যদিকে জামশেদপুর পাঁচ নম্বরে শেষ করে। ফলে প্লে-অফের দ্বিতীয় ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়। নর্থইস্টের আক্রমণভাগের ভরসা আলাদিন। তবে এই ম্যাচে শুরু থেকেই আক্রমণের পথে হাঁটে খালিদ জামিলের দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দলের উপর চাপ সৃষ্টি করে জামশেদপুর। স্টিফেন এজের গোলে এগিয়ে যায় খালিদ জামিলের দল। ম্যাচের ২৯ মিনিটে বক্সের ডানদিকে বল পান স্টিফেন। ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষ গোলরক্ষক গুরপ্রীত সিংকে পরাস্ত করেন। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে জামশেদপুর।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রয়াস বজায় রেখেছিল নর্থইস্ট। বুয়ানথাংলুন সামতে একাই বল ধরে এগিয়ে গিয়েছিলেন জামশেদপুর বক্সে। আলবিনো গোমস দলের পতন রোধ করেন। জিতিনের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে জামশেদপুরের মোবাশির রহমান লাল কার্ড দেখলেন। ফলে ১০ জনে হয়ে গেলে রক্ষণকে আরও শক্তপোক্ত করেন জামশেদপুর।
প্রতিপক্ষ দল ১০ জনে হয়ে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না নর্থইস্ট দলের ফুটবলাররা। তারা গোল করতেই পারলে না। অতিরিক্ত ৮ মিনিট সময় যোগ করেন রেফারি। ম্যাচের শেষ দিকে ঋত্বিক দাসের পাস থেকে গোল করে জামশেদপুরের হয়ে দ্বিতীয় গোল করেন জাভি।
আগামী ৩ এপ্রিল জামশেদপুরের মাঠে মোহনবাগান এসজি প্রথম পর্বের সেমিফাইনালের ম্যাচ খেলবে। ৭ এপ্রিল যুবভারতীতে হবে দ্বিতীয় পর্বের ম্যাচ। প্লে অফে থেকেই বিদায় নিতে হল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দল নর্থইস্টকে। আপাতত কঠিন পরীক্ষার মুখে খালিদ জামিলের দল।












Click it and Unblock the Notifications