ISL 2024-25: সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে রেকর্ড, কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে ফের শীর্ষে বেঙ্গালুরু এফসি
ISL 2024-25: সুনীল ছেত্রীর হ্যাটট্রিক। ৪০ বছর বয়সে। সেই সুবাদেই ফের আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল বেঙ্গালুরু এফসি।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ছেত্রীর হ্যাটট্রিকের সৌজন্যে বেঙ্গালুরু এফসি হারাল কেরালা ব্লাস্টার্সকে। খেলার ফল ৪-২।

বেঙ্গালুরু এফসির হেড কোচ জেরার্ড জারাগোজা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় দলের দায়িত্বে এখন রেনেডি সিং। তিনি সুনীল ছেত্রী ও রায়ান উইলিয়ামসকে রেখেছিলেন শুরু থেকেই। এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় ম্যাচের ৮ মিনিটেই।
উইলিয়ামসের থেকে বল পেয়ে সুনীল গোল করে এগিয়ে দেন দলকে। ৩৮ মিনিটে উইলিয়ামসের গোলের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। বিরতিতেও এই স্কোরলাইন অপরিবর্তিত ছিল। যদিও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স।
জেসাস জিমেনেজ কেরলের দলটির হয়ে প্রথম গোলটি করেন ৫৬ মিনিটে। ৬৭ মিনিটে ফ্রেডি লাল্লাওমাওমার গোলের সুবাদে কেরালা ব্লাস্টার্স ২-২ করে ফেলে। যদিও এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেন না, ৭৩ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সুনীল।
ম্যাচের শেষ লগ্নে, দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমের ৮ মিনিটের মাথায় ফের গোল করেন সুনীল ছেত্রী। যার সঙ্গে সঙ্গে তাঁর হ্যাটট্রিকও পূর্ণ হয়। গত জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু এদিন যেভাবে খেললেন তাতে সম্প্রচারকারী সংস্থার যথার্থ ক্যাপশনে, কাগজে-কলমে সুনীলের বয়স ৪০ হলেও দেখে মনে হচ্ছে ২০ বছরের কেউ খেলছেন।
সুনীল ছেত্রীই এদিন পেলেন ম্যাচের সেরার পুরস্কার। হ্যাটট্রিকের সৌজন্যে তিনি একটি ঈর্ষণীয় নজিরও গড়লেন। আইএসএলে ৩৮ বছরে হায়দরাবাদ এফসির হয়ে হ্যাটট্রিক ছিল নাইজেরিয়ান বার্থেলোমিউ ওগবেচের। সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করে এদিন সেই নজির ছিনিয়ে নিলেন সুনীল।
এই নিয়ে তৃতীয়বার আইএসএলে হ্যাটট্রিক করলেন সুনীল। ২০১৫ সালে করেছিলেন মুম্বই সিটির জার্সিতে। ২০১৮ সালের পর এদিন ফের বেঙ্গালুরু এফসির হয়ে হ্যাটট্রিক সুনীলের। তিনি সবমিলিয়ে ১৬৬টি আইএসএল ম্যাচ খেলেছেন।
আজকের এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখল নিল। মোহনবাগান সুপার জায়ান্টের রয়েছে ৯ ম্যাচে ২০ পয়েন্ট, সবুজ মেরুন রয়েছে দুইয়ে। কেরালা ব্লাস্টার্স এফসির ১১ ম্য়াচে ১১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে।












Click it and Unblock the Notifications