ISL 2024-25: গিলের পাল্টা মাজসেনের জোড়া গোল, পিছিয়ে পড়েও চেন্নাইয়িন এফসিকে হারিয়ে তিনে পাঞ্জাব
ISL 2024-25: আইএসএলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব এফসি। সেই সুবাদে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান দখল করল তারা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল চেন্নাইয়িন এফসি।
দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি তিনটি গোল করল। যার দুটি লুকা মাজসেনের। পাঞ্জাব শেষ অবধি জিতল ৩-২ ব্যবধানে।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩০ মিনিটের মাথায় উইলমার জর্ডন গিলের করা গোল এগিয়ে দেয় চেন্নাইয়িন এফসিকে। চলতি আইএসএলে তৃতীয় জয় ছিনিয়ে নেওয়ার আশা প্রথমার্ধে জাগিয়েও রেখেছিল চেন্নাইয়ের দলটি। যদিও সব হিসেবনিকেশ বদলে গেল দ্বিতীয়ার্ধে।
৪৬ মিনিটের মাথায় মাজসেনের গোলে ম্যাচে সমতা ফেরায় পাঞ্জাব এফসি। এর ঠিক ২ মিনিট পর ফের গোল করে মাজসেন পাঞ্জাবকে এগিয়ে দেন। ৭০ মিনিটের মাথায় আসমির সুলজিকের গোলে পাঞ্জাব এফসি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ইনজুরি টাইমের শেষ লগ্নে গিলের দ্বিতীয় গোলের সৌজন্যে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি চেন্নাইয়িন।
এই জয়ের সৌজন্যে পাঞ্জাব এফসি ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানের দখল নিল। পাঞ্জাব এখনও অবধি চারটি ম্যাচ জিতেছে, হেরেছে একটিতে। জামশেদপুর এফসির রয়েছে ৬ ম্যাচে ১২ পয়েন্ট। তারা রয়েছে চারে। পাঞ্জাব একটি ম্যাচ কম খেলেছে তাদের চেয়ে। গোলপার্থক্যেও অনেকটাই এগিয়ে।
চেন্নাইয়িন এফসি এদিন ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল চলতি আইএসএলে। তারা এদিন দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো। চেন্নাইয়িন ২টি ম্যাচ জিতেছে, পরাজয়ও ২টিতে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রইল ষষ্ঠ স্থানে। ৬ নভেম্বর পাঞ্জাবের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। ৪ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে চেন্নাইয়িন।












Click it and Unblock the Notifications