ISL: দুই গোলে পিছিয়েও মোহনবাগান এসজিকে রুখে দিল ১০ জনের মুম্বই সিটি এফসি! ইস্টবেঙ্গলের চিন্তা কতটা বাড়ল?
ISL: আইএসএলে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল মুম্বই সিটি এফসি। আজ মুম্বই ফুটবল অ্যারেনায় প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েছিল তারা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১২ মিনিট পর থেকেই ১০ জনে খেলতে হয় মুম্বই সিটি এফসিকে। তা সত্ত্বেও তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারল না লিগ শিল্ডজয়ীরা।

এমনিতেই মুম্বই সিটি এফসি প্লে-অফের দৌড়ে থাকা বাকি দলগুলির চেয়ে সুবিধাজনক জায়গায় ছিল। কেন না, এদিন তারা ২২তম ম্যাচটি খেলল। মুম্বই সিটি এফসি এদিনই নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলল। পরের দুটিই তাদের কাছে অ্যাওয়ে ম্যাচ।
৭ মার্চ কেরালা ব্লাস্টার্স ও ১১ মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই সিটি এফসির। ফলে আজ নিজেদের মাঠে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের লক্ষ্য ছিল। যদিও বিরতির আগে ০-২ গোলে পিছিয়ে পড়ে মুম্বই সিটি এফসি।
বল দখলের লড়াইয়েও এদিন মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি। ৩২ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। ৪১ মিনিটে দিমিত্রি পেত্রাতস ২-০ গোলে এগিয়ে দেন মোহনবাগান সুপার জায়ান্টকে।
দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৭ মিনিটে জন টোরালের গোলে ব্যবধান কমায় মুম্বই সিটি এফসি। কিন্তু এরপরই বিপত্তি। বাজে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিক্রম প্রতাপ সিং। বিক্রম বেরিয়ে গেলে ১০ জনে খেলেও বিক্রম দেখায় মুম্বই সিটি এফসি।
আধ ঘণ্টারও বেশি সময় খেলেও মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গোল হজম করেনি মুম্বই সিটি এফসি। উপরন্তু ৮৯ মিনিটে নাথান রদ্রিগেজের গোলে সমতা ফেরায় তারা। এদিনের ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট হয়ে গেল মুম্বই সিটি এফসির।
ফলে মুম্বই সিটি এফসিকে প্লে-অফ নিশ্চিত করতে হলে বাকি ২টি ম্যাচ থেকে অন্তত ১টি পয়েন্ট সংগ্রহ করতে হবে। মুম্বই রয়েছে পাঁচে। ছয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসির ঝুলিতে রয়েছে ৩২ পয়েন্ট। নর্থইস্টের খেলা বাকি সোমবার চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে, তারপর নিজেদের মাঠে ৮ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল কাল নিজেদের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল যদি কাল পয়েন্ট নষ্ট করে তাহলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। ইস্টবেঙ্গলের পক্ষে সবচেয়ে সুবিধা হবে যদি নর্থইস্ট দুটি ম্যাচেই হারে।
সাতে থাকা ওডিশা এফসির রয়েছে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট। ওডিশা শেষ ম্যাচ খেলবে ৫ মার্চ জামশেদপুরে, জামশেদপুর এফসির বিরুদ্ধে। ফলে যা পরিস্থিতি তাতে ষষ্ঠ স্থানটির জন্য এখনও খাতায়-কলমে রয়েছে তিনটি দল।
ইস্টবেঙ্গল শেষ ল্যাপ অবধি লড়াই জিইয়ে রাখতে পারবে যদি কাল বেঙ্গালুরু এফসিকে হারাতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, প্লে-অফে মুম্বইয়ের যাওয়ার পথ অনেকটাই মসৃণ। ইস্টবেঙ্গল বা ওডিশার সুবিধা হবে যদি নর্থইস্ট হড়কে যায়। আপাতত সকলের নজর কালকের ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু দ্বৈরথের দিকেই।












Click it and Unblock the Notifications