ISL 2024-25: জামশেদপুরকে হারিয়ে টিকে রইল ওডিশা, মুম্বই সিটি এফসির দরকার ১ পয়েন্ট
ISL 2024-25: আইএসএলে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে কারা যাবে তা স্পষ্ট হতে পারে শুক্রবার। আজ জামশেদপুর এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল ওডিশা এফসি।
এদিনের অ্যাওয়ে ম্যাচ দিয়েই এবারের আইএসএলের লিগ পর্ব, বলা ভালো কার্যত আইএসএল অভিযান শেষ করল ওডিশা এফসি। আপাতত পয়েন্ট তালিকার ছয়ে রইল তারা।

জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেকে ওডিশা এফসি ৩-২ গোলে পরাস্ত করল জামশেদপুর এফসিকে। মুম্বই সিটি এফসি যদি তাদের বাকি ২টি ম্যাচে হারে তবেই প্লে-অফে যেতে পারবে ওডিশা। নচেৎ নয়। শুক্রবার কেরালা ব্লাস্টার্স এফসি ও ১১ মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ রয়েছে মুম্বইয়ের।
জামশেদপুর এফসি এদিনের ম্যাচে রক্ষণ আগলে প্রতি-আক্রমণে যাওয়ার রণকৌশল নেয়। ২১ মিনিটে ওডিশা এফসির হয়ে প্রথম গোলটি করেন ডরিয়েল্টন, হুগো বুমোসের থেকে বল পেয়ে তিনি তা জালে জড়াতে কোনও ভুল করেননি।
এরপরও লাগাতার জামশেদপুর রক্ষণের উপর চাপ বাড়ানোর রণকৌশল জারি রাখে ওডিশা। ৩৭ মিনিটে হুগো বুমোসের গোলে তারা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ইসাক ভানলালরুয়াতফেলার থেকে বল পেয়েছিলেন হুগো। বিরতিতে স্কোরলাইন ওডিশার পক্ষেই ছিল ২-০।
দ্বিতীয় গোল হজমের পর ইমরান খান ও জর্ডন মারের যুগলবন্দিতে গোলের সুযোগ পেয়েছিল জামশেদপুর। মারের প্রয়াস রুখে দেন অমরিন্দর সিং। ম্যাচের ৫৩ মিনিটে রাহুল কেপির পাস পেয়ে নিজের দ্বিতীয় তথা ওডিশার তৃতীয় গোলটি করেন হুগো।
ম্যাচের শেষ লগ্নে জোড়া গোল পেলেও তা হার বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না। অমরিন্দর সিং ফাউলের জন্য হলুদ কার্ড দেখলে পেনাল্টি পায় জামেদপুর। ৮৪ মিনিটে জর্ডন মারে গোল করেন। ইনজুরি টাইমে ব্যবধান আরও কমে স্টিফেন ইজের গোলে। তবে তাতে ওডিশার তিন পয়েন্ট পাওয়া আটকায়নি।
ওডিশা এফসির ২৪ ম্যাচে হলো ৩৩ পয়েন্ট। মুম্বই সিটির রয়েছে ২২ ম্যাচে ২৪। ফলে আর ১ পয়েন্ট মুম্বই আদায় করে নিলেই ছিটকে যাবে ওডিশা। মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে। এ ছাড়াও প্লে-অফে গিয়েছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।












Click it and Unblock the Notifications