ISL 2024-25: ১০ জনের ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়ে হারাল ওডিশা এফসি, প্রশ্নের মুখে রেফারিংয়ের মান
ISL 2024-25: আইএসএলে টানা ২টি ম্যাচ জেতার পর ফের পরাস্ত ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুজোর দলকে হারাল ওডিশা এফসি, তাও পিছিয়ে পড়ার পর।
এই পরাজয়ের কারণে ইস্টবেঙ্গলের কাছে শেষ ছয়ে ওঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে গেল। কার্যত প্রতিটি ম্যাচই হয়ে দাঁড়াচ্ছে ডু-অর-ডাই। প্রশ্ন উঠল রেফারিংয়ের মান নিয়েও।

প্রথম দিকে মনে হয়েছিল দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে। কিন্তু প্রথম ১০ মিনিট মাঝমাঠেই খেলা চলতে থাকে। থৈবা সিং, জিকসন সিংরা ফাউলের জন্য কার্ড দেখেন। এরই মধ্যে ইস্টবেঙ্গলের সমস্যা বাড়ায় মাদিহ তালালের পায়ের চোট। ১২ মিনিটেই তাঁর পরিবর্ত হিসেবে নামতে হয় নন্দকুমার সেকরকে।
২৪ মিনিটে লাল হলুদের প্রথম গোলের প্রয়াস ছিল নন্দরই। হুগো বুমোস, দিয়োগো মরিসিওরাও চেষ্টা চালিয়ে গোলমুখ খুলতে পারছিলেন না। এরপর ৩৫ মিনিটে জেরির হেড ক্রসবারে লাগে। এর সামান্য পরেই ইসাকের প্রয়াসও ক্রসবারে প্রতিহত হয়। ৪০ মিনিটে বুমোসের প্রয়াস বাঁচান লাল হলুদ গোলকিপার প্রভসুখন সিং গিল।
দিয়েগো মরিসিওকে কনুই দিয়ে আঘাত করায় ফাউল করায় ৪৩ মিনিটে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন। যদিও এ ক্ষেত্রে রেফারি একটু বেশিই কড়া হয়েছিলেন বলে মত বিশেষজ্ঞদের। বিরতির আগে কোনও দলই গোল করতে পারেনি।
৫৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন লালচুংনুঙ্গা। নওরেম মহেশের কর্নার থেকে গোল করার চেষ্টা প্রথমে চালান হিজাজি মাহের। কিন্তু তাঁর প্রয়াস রুখলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি অমরিন্দর সিং। সুযোগসন্ধানী লালচুংনুঙ্গা সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন।
যদিও এর ২ মিনিট পরেই ওডিশা এফসি সমতা ফেরায়। গোল করেন জেরি। ৭৬ মিনিটে এগিয়ে যাওয়ায় সুযোগ পেয়েছিল ওডিশা এফসি। যদিও এর মিনিট পাঁচেক পরেই ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে হুগো বুমোসের গোলের কারণে। এর পর ওডিশা ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল। যদিও শেষ অবধি ২-১ ব্যবধানেই ম্যাচ জেতে ওডিশা।
ওডিশা এফসি ১২ ম্য়াচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে। ১০ ম্যাচে ৭ পয়েন্টেই দাঁড়িয়ে থাকল ইস্টবেঙ্গল। লাল হলুদ রয়েছে ১১ নম্বরে।












Click it and Unblock the Notifications