ISL 2024-25: আইএসএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলল নর্থইস্ট ইউনাইটেড, বিধ্বস্ত চেন্নাইয়িন এফসি
ISL 2024-25: আইএসএলে পঞ্চম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফেলল নর্থইস্ট ইউনাইটেড এফসি। আজ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তারা জয় ছিনিয়ে নিল ৩-০ গোলে।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনটি গোলই হলো প্রথমার্ধে। ম্যাচের ৮১ মিনিটে লাল কার্ড দেখেন চেন্নাইয়িনের রায়ান এডওয়ার্ডস।

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ার পরেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ তৈরি করেছিল চেন্নাইয়িন এফসি। যদিও তা কাজে লাগাতে পারেনি। যার ফলে ২০২০-২১ মরশুমের পর এবারই প্রথম আইএসএলের প্লে-অফে গেল নর্থইস্ট।
এদিন শুরু থেকেই গোল করার তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল নর্থইস্টের খেলায়। ৫ মিনিটে জিতিন এমএসের প্রয়াস রুখে দেন চেন্নাইয়িনের গোলকিপার মহম্মদ নওয়াজ। ৭ মিনিটে আলাদিন আজারাইয়ের থেকে বল পেয়ে তা জালে জড়ান নেস্তর আলবিয়াচ।
পরের গোলটির ক্ষেত্রেও রয়েছে আলাদিনের অবদান। ২৬ মিনিটে আলাদিনের থেকে বল পেয়ে গোল করে নর্থইস্টকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জিতিন। ৩৮ মিনিটে তিন গোলে এগিয়ে যায় নর্থইস্ট। জিতিন বল বাড়িয়েছিলেন আলাদিনকে। প্রথম প্রয়াসটি রায়ান এডওয়ার্ডস ব্লক করেন, যদিও তারপরও নিজের ২১তম গোলটি করতে অসুবিধা হয়নি আলাদিনের।
৪৪ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় আলাদিনের প্রয়াস। সেটি গোল হলে চতুর্থ গোলটি পেয়ে যেত নর্থইস্ট। খেলার গতির বিপরীতে চেন্নাইয়িনের ভিন্সি ব্যারেটো নর্থইস্টের গোলে শট নিলে তৎপর ছিলেন গুরমীত।
দ্বিতীয়ার্ধে লুকাস ব্র্যামবিলার প্রয়াস প্রথমে রোখেন গুরমীত। উইলমার ৭৮ মিনিটে অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েন। চেন্নাইয়িনের সমস্যা বাড়ে রায়ান এডওয়ার্ডস আলাদিনকে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়। শেষ অবধি এবারের আইএসএলে সপ্তম ক্লিনশিট বজায় রেখে জয় ছিনিয়ে নিল নর্থইস্ট। ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নর্থইস্ট প্লে-অফের জায়গা পাকা করে ফেলল পাঁচে থেকে। ২৩ ম্যাচে চেন্নাইয়িনের পয়েন্ট ২৪।












Click it and Unblock the Notifications