ISL 2024-25: হায়দরাবাদের বিরুদ্ধে ফের জিতল নর্থইস্ট ইউনাইটেড এফসি, দখলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থান
ISL 2024-25: আইএসএলে পয়েন্ট তালিকার চারে উঠে এলো নর্থইস্ট ইউনাইটেড এফসি। বুধবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ৪-১ গোলে হারিয়ে।
চলতি আইএসএলে দু-বারই হায়দরাবাদ পরাস্ত হলো নর্থইস্টের কাছে। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল নর্থইস্ট।

চারটি ম্যাচ টানা ড্রয়ের পর ফের এদিন জয়ের সরণিতে ফিরল নর্থইস্ট। প্রথম ১০ মিনিট দুই দলই মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। তবে এরপর থেকেই বল বেশি দখলে রেখে হায়দরাবাদের রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে নর্থইস্ট। ১২ মিনিটে কর্নার থেকে গোল করার সুযোগ পেলেই আলাদিন আজারাই অফ-সাইডের ফাঁদে জড়িয়ে পড়েন।
এরপর জিতিন এমএস, গিলেরমো ফার্নান্দেজরা সুযোগ তৈরি করতে থাকেন। রক্ষণে আবদুল রাবিহর ভুলের ফায়দা তুলে ১৭ মিনিটে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন গিলেরমো। হায়দরাবাদের রক্ষণে কার্ডের কারণে ছিলেন না অ্যালেক্স সাজি। তাঁর অনুপস্থিতিতে হায়দরাবাদের ডিফেন্স নড়বড়ে দেখাচ্ছিল। হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা ব্যবঝান বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
৪৫ মিনিটে ফ্রি-কিক থেকে জোরালো শটে গোল করে নর্থইস্টকে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আজারাই। দ্বিতীয়ার্ধে দুই কোচই পরিবর্তন আনেন। হায়দরাবাদের মধ্যেও গোল করার তাগিদ লক্ষ্য করা যেতে থাকে। যদিও গোলমুখ খুলছিল না।
৭০ মিনিটে মনোজ মহম্মদের গোলের সৌজন্যে ব্যবধান কমাতে সক্ষম হয় হায়দরাবাদ। যদিও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নিয ৭৯ মিনিটে আশির আখতারের গোলে নর্থইস্ট এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৮৯ মিনিটে হায়দরাবাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মহম্মদ আলি বেমাম্মের।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে গেল নর্থইস্ট। ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শেষ থেকে দুই নম্বরে হায়দরাবাদ। এদিন তাদের পরাজয়ের সংখ্যা বেড়ে হলো ১১।












Click it and Unblock the Notifications