ISL 2024-25: ঘরের মাঠে পিছিয়ে পড়েও ড্র করল নর্থইস্ট ইউনাইটেড, এফসি গোয়া পয়েন্ট তালিকার দুইয়ে
ISL 2024-25: আইএসএলে ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হার বাঁচাল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ম্যাচ ড্র করলেও পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসতে সমস্যা হলো না এফসি গোয়ার।
আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট বনাম গোয়ার দ্বৈরথ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে।

শুরু থেকেই গোল করার প্রয়াস চালাতে থাকে নর্থইস্ট। গিলেরমো ফার্নান্ডেজ, আলাদিন আজারাইরা এফসি গোয়ার ডিফেন্ডারদের চাপে ফেলছিলেন বারবার। তবে ম্যাচে প্রথম গোলের সুযোগ তৈরি করেছিল এফসি গোয়াই। দেজান দ্রাজিচের ক্রসে মাথা ছুঁইয়েও বল গোলে পাঠাতে পারেননি আর্মান্দো সাদিকু।
এর সামান্য পরেই আজারাইও গোলের সুযোগ নষ্ট করেন। বুয়ানথাংলান সামতের পাস থেকে গোলমুখী শট নিয়েছিলেন আজারাই, তা বাঁচিয়ে দেন গোয়ার গোলরক্ষক হৃতিক তিওয়ারি। এরপর সামতে বেশ কয়েকটি ভালো ক্রস ভাসালেও তা গোলে পরিণত করতে পারেননি গিলেরমো, জিতিন এমএসরা।
প্রথমার্ধে গোয়াও কিছু সুযোগ তৈরি করেছিল। মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রেও তারা এগিয়েই ছিল। কিন্তু গোলমুখ খোলেনি। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে নর্থইস্টের ফুটবলারদের মধ্যে গোল করার ভালো তাগিদ লক্ষ্য করা যায়। কিন্তু ফাইনাল থার্ডের দুর্বলতায় গোল আসছিল না।
এফসি গোয়া ৬৫ মিনিটে এগিয়ে যায় মহম্মদ ইয়াসিরের গোলের সৌজন্যে। জয় গুপ্তা পেনাল্টি এরিয়ায় বল পাঠালে তা পেয়ে যান ইয়াসির। এরপর তিনি বল বাড়ান ব্রাইসনকে। ব্রাইসন ফের তাঁকে বল দিতেই তা জালে জড়াতে ভুল করেননি ইয়াসির।
এরপর সমতা ফেরানোর প্রয়াস জোরালোভাবে চালায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু ওডেই, সন্দেশ ঝিঙ্গনরা ছিলেন কার্যত দুর্ভেদ্য। যদিও ম্যাচের ৭৬ মিনিটে আজারাইয়ের থেকে থ্রু বল পেয়ে জিতিন এমএস গোল করে সমতা ফেরান। চূড়ান্ত বাঁশি বাজা পর্যন্ত ফলাফল অপরিবর্তিত থাকে।
এফসি গোয়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিনে নেমে গেল বেঙ্গালুরু এফসি। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে জামশেদপুর এফসি। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নর্থইস্ট রয়েছে পাঁচে।












Click it and Unblock the Notifications