ISL 2024-25: আইএসএলে ফের পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান SG, কামিংসের গোলে চেন্নাইয়িন বধ
ISL 2024-25: বেঙ্গালুরু এফসিকে সরিয়ে ফের আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হারাল চেন্নাইয়িন এফসিকে।
চলতি আইএসএলে ষষ্ঠ জয়টি এদিন ছিনিয়ে নিল হোসে মলিনার দল। এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন জেসন কামিংস।

এই ম্যাচে নামার আগে প্রতিপক্ষ শিবিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন চেন্নাইয়িন এফসির হেড কোচ আওয়েন কয়েল। প্রথমার্ধে খারাপ খেলছিল না চেন্নাইয়িন। ২৫ ও ৩০ মিনিটে দুটি গোল করার সুযোগ নষ্ট করেন লালরিনলিয়ানা হ্ণামতে ও রায়ান এডওয়ার্ডস।
প্রথমটির ক্ষেত্রে প্রয়াস প্রতিহত হয় সবুজ মেরুনের জমাট রক্ষণভাগে। এর মিনিট পাঁচেক পর পাচুয়াউ লালডিনপুইয়ার থেকে বল পেয়ে হেডে গোল করার চেষ্টা করেন এডওয়ার্ডস। যদিও সফল হননি। ৩৮ মিনিটে শুভাশিস বোসের কর্নার থেকে গোল করার চেষ্টা চালালেও লিস্টন কোলাসো তিন কাঠিতে বল রাখতে পারেননি।
প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেন্নাইয়িনের মধ্যেই বেশি গোলের তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল। ৫৪ মিনিটে উইলমার জর্ডন ও কনর শিল্ডস আক্রমণ তুলে এনেও গোলমুখ খুলতে পারেননি। এর ৯ মিনিট পর শিল্ডসের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন এলসিনহো।
চেন্নাইয়িন এফসি একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে না পারার খেসারৎ দিল ম্যাচের ৮৬ মিনিটে। গ্রেগ স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন পরিবর্ত হিসেবে নামা জেসন কামিংস। এতেই নিশ্চিত হয়ে যায় মূল্যবান তিন পয়েন্ট। এটি চলতি মরশুমে স্টুয়ার্টের চতুর্থ অ্যাসিস্ট।
মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ ৮ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ৭ ডিসেম্বর চেন্নাইয়িন এফসির সামনে ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সবুজ মেরুন। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আটে চেন্নাইয়িন।












Click it and Unblock the Notifications