ISL 2024-25: আইএসএলে প্রথম জয় মহমেডানের, ঘরের মাঠে ১০ বছরের অভিশাপ কাটাতে পারল না চেন্নাইয়িন
ISL 2024-25: আইএসএলে এবারই প্রথম খেলছে মহমেডান স্পোর্টিং। আজ চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রথম জয়টি ছিনিয়ে নিল আই লিগ চ্যাম্পিয়নরা।
২০১৪ সাল থেকে আইএসএলে নিজেদের প্রথম হোম ম্যাচে জিততে না পারার ধারা বজায় রইল চেন্নাইয়িনের। ৩৯ মিনিটে জয়সূচক গোলটি করেন লালরেমসাঙ্গা ফানাই।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অবশ্য আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেন্নাইয়িন এফসি। মহমেডানের রক্ষণকে চাপে ফেলতে তুলে আনে একের পর আক্রমণ। কনোর শিল্ডস বেশ কয়েকটি ক্রস ভাসালেও গোলমুখ খুলতে পারছিল না চেন্নাইয়িন।
কুলিং ব্রেকের পর কিছুটা ছন্দ ফিরে পায় মহমেডান। আলেক্সিস গোমেজের বাঁ পায়ের শট পোস্টে প্রতিহত হয়। যদিও এর মিনিট ছয়েক পরে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় আন্দ্রে চের্নিশভের প্রশিক্ষণাধীন দল। লালদিনপুইয়ার ভুলকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন লালরেমসাঙ্গা।
বিরতিতে ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চেন্নাইয়িন। কিয়ান নাসিরি, গুরকিরত সিং, উইলমার জর্ডন গিলদের নামিয়ে বাজিমাতের অপেক্ষায় ছিলেন চেন্নাইয়িনের হেড কোচ ওয়েন কয়েল। যদিও সেই পরিকল্পনা খাটেনি মহমেডানের রক্ষণ জমাট থাকায়।
ইনজুরি টাইমে মহমেডান ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু পেনাল্টি মিস করেন সিজার মানজোকি। ইনজুরি টাইমেরই ৪ মিনিটের মাথায় চেন্নাইয়িন সমতা ফেরানোর সহজতম সুযোগ নষ্ট করে। লুকাস ব্রামবিলা উইলমার জর্ডন গিলের কাছ থেকে বল পেয়েছিলেন। কিন্তু সেখান থেকে গোল করতে পারেননি লুকাস ব্রামবিলা।
১ অক্টোবর চেন্নাইয়িন এফসির পরবর্তী ম্য়াচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, সেটি চেন্নাইয়িনের অ্যাওয়ে ম্যাচ। ৫ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে মহমেডান।












Click it and Unblock the Notifications