ISL 2024-25: গোয়াকে রুখে দিল হায়দরাবাদ এফসি, দুই দলের ফুটবলারই দেখলেন লাল কার্ড
ISL 2024-25: আইএসএলে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে আসা হলো না এফসি গোয়ার। নিজেদের মাঠে এগিয়ে গিয়েও শেষ অবধি ১-১ গোলে ম্যাচ ড্র রেখে সন্তুষ্ট থাকতে হলো তাদের।
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখলেন দুই দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও চলল তুল্যমূল্য লড়াই।

ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদ এফসির উপর চাপ বাড়াচ্ছিল এফসি গোয়া। ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। যার জেরে ১ পয়েন্ট নিয়েই এদিন থামতে হলো। ম্যাচের পাঁচ মিনিটেই এফসি গোয়াকে এগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন আর্মান্দো সাদিকু। ব্যাক হিলে গোলের প্রয়াস অবশ্য সফল হয়নি।
সাদিকুর পোস্ট পোস্টেও প্রতিহত হয়েছে। ২৭ মিনিটের মাথায় তিনি আরেকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। হায়দরাবাদ রক্ষণে লাগাতার চাপ বজায় রাখার সুফল মেলে ৫২ মিনিটে। সাদিকুর গোলেই এগিয়ে গিয়েছিল গোয়া।
বরিস সিংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করতে গিয়েছিলেন দেজান দ্রাজিচ। তাঁর প্রয়াস হায়দরাবাদের রক্ষণে প্রতিহত হওয়ার পর বল পান সাদিকু, এবার আর তা জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। ৫৯ মিনিটে অ্যালেক্স সাজির সঙ্গে সংঘর্ষের জেরে লাল কার্ড দেখেন বোরহা হেরেরা। ফলে গোয়া তখন থেকে ১০ জনে খেলতে থাকে।
৭২ মিনিটের মাথায় সাজি ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর দুই দলই ১০ জনে খেলতে থাকে। ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান অ্যালান পাউলিস্তা। এফসি গোয়ার পরের ম্যাচ ১৪ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে। হায়দরাবাদ এফসির সামনে ১৮ জানুয়ারি বেঙ্গালুরু এফসি।
এফসি গোয়া ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রইল তিনেই। হায়দরাবাদ এফসি চলতি আইএসএলে তৃতীয় ড্র সুনিশ্চিত করল। ১৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১২ নম্বরে।












Click it and Unblock the Notifications