ISL 2024-25: গোয়ার কাছে হেরে বিদায় পাঞ্জাব এফসি-র, ইস্টবেঙ্গল কি লাভবান হচ্ছে?
ISL 2024-25: আইএসএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব এফসি। আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে পাঞ্জাব পরাস্ত এফসি গোয়ার কাছে।
এফসি গোয়া আগেই শেষ ছয়ে যাওয়া নিশ্চিত করে ফেলেছিল। এবার প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও জোরদার করল আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে।

মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে। এফসি গোয়ার লক্ষ্য সবুজ মেরুনের মতো সরাসরি সেমিফাইনালে খেলা। সেই সম্ভাবনা বাড়ল গোয়া ১-০ গোলে এদিন জেতায়। ম্যাচের একমাত্র গোলটি করেন কার্ল ম্যাকহিউ।
শুরু থেকেই গোল পাওয়ার লক্ষ্যে ঝাঁপিয়েছিল গোয়া। আট মিনিটে বোরহা হেরেরার নেওয়া কর্নার থেকে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ওডেই ওনাইন্ডিয়া। তিনি হেড দিয়ে বল পাঠান কার্ল ম্যাকহিউয়ের কাছে। মুহিত শাবির খান সতর্ক থাকায় ম্যাকহিউয়ের প্রয়াস রুখে দেন।
তবে ম্যাকহিউই ম্যাচের বিরতির সামান্য আগে জয়সূচক গোলটি করেন। উদান্ত সিং লম্বা থ্রো করার পর আইরিশ মিডফিল্ডার ম্যাকহিউ বল পেয়ে পাঞ্জাবের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন। পাঞ্জাব এফসি শেষ অবধি সমতা ফেরানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
মোহনবাগান সুপার জায়ান্ট লিগ টেবলের শীর্ষে রয়েছে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে। এফসি গোয়া আজ জেতায় তাদের হলো ২২ ম্যাচে ৪২ পয়েন্ট। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পক্ষে গোয়াকে টপকানো খুব কঠিন কাজ।
পয়েন্ট তালিকার চারে রয়েছে জামশেদপুর এফসি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। এই চারটি দল প্লে-অফে চলে গিয়েছে। লড়াই বাকি দুটি জায়গার জন্য। নর্থইস্ট ইউনাইটেড এফসি ২২ ম্যাচে ও মুম্বই সিটি এফসি ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ ও ছয়ে।
ওডিশা এফসির ২২ ম্যাচে রয়েছে ২৯ পয়েন্ট, ইস্টবেঙ্গলের রয়েছে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট। ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি রবিবার বেঙ্গালুরু এফসি ও ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে জিতেছে। বাকি দুটি ম্যাচে জিতলে যেতে পারবে ৩৩ পয়েন্টে। তবে তাতেও পথ মসৃণ হবে না অস্কার ব্রুজোর দলের। প্রার্থনা করতে হবে বাকি দলগুলিও যাতে পয়েন্ট নষ্ট করে। তবে নর্থইস্টের চেয়ে কম ম্যাচ খেলা মুম্বই সিটি এফসি সুবিধাজনক জায়গায় রয়েছে। ফলে নর্থইস্ট ও ওডিশা এফসি পয়েন্ট নষ্ট করলে ভাগ্য খুলতে পারে লাল হলুদের।












Click it and Unblock the Notifications