ISL 2024-25: এফসি গোয়া হারিয়ে দিল চেন্নাইয়িন এফসিকে, জমে গেল আইএসএলে লিগ শিল্ডের টক্কর
ISL 2024-25: আইএসএলে লিগ শিল্ড দখলের দৌড়ে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া। আজ তাদের জয়ে জমে গেল লিগ শিল্ডের টক্কর।
আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া ২-০ গোলে উড়িয়ে দিল চেন্নাইয়িন এফসিকে। ফলে লিগের শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্টের ব্যবধান কমে হলো ৪।

এদিন হারার ফলে টানা ছয় ম্যাচে জয় অধরা রইল চেন্নাইয়িনের কাছে। গত ১১ ডিসেম্বর চেন্নাইয়িন ১-০ গোলে হারিয়েছিল হায়দরাবাদ এফসিকে। তারপর থেকে আর জিততে পারেনি। এফসি গোয়া আজকের ম্যাচটি জিতল আধিপত্য বজায় রেখেই। সারা ম্যাচে ৫৮.৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল গোয়া।
গোয়া যেখানে আটটি শট টার্গেটে রেখেছে, সেখানে একটিও শট টার্গেটে রাখতে পারেনি চেন্নাইয়িন। ১১ মিনিটে ইকেক গুয়ারক্সেনার গোলে এগিয়ে যায় এফসি গোয়া। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ সাঙ্গওয়ান।
এর আগেও গোলের কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল এফসি গোয়া। এমনকী ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও গোয়ার গোল করার মরিয়া চেষ্টায় কোনও খামতি দেখা যায়নি। ৩১ মিনিটে ইকের ব্যবধান বাড়ানোর জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তাঁর শট বাঁচান চেন্নাইয়িনের গোলকিপার নওয়াজ।
৬৯ মিনিটে ব্যবধান কমানোর ভালো সুযোগ এসেছিল চেন্নাইয়িনের কাছে। কনর শিল্ডসের থেকে বল পেয়েও তা তিন কাঠির অনেক উপর দিয়ে মারেন উইলমার জর্ডন গিল। চেন্নাইয়িনের কোচ লালডিনলিয়ানা রেন্থলেই ও ড্যানিয়েল চিমা চুকউকে নামান ৮২ মিনিটে। ৮৫ মিনিটে চিমা অফ-সাইডের ফাঁদে জড়িয়ে পড়েন। ম্যাচের শেষ দিকে আকাশের একটি প্রয়াস রুখে দেন চেন্নাইয়িনের গোলকিপার।
অবশেষে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল গোয়া। তাদের ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট। মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৩৭। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দশে চেন্নাইয়িন এফসি। এফসি গোয়ার পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে। ৩০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে চেন্নাইয়িন।












Click it and Unblock the Notifications