ISL 2024-25: ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি পারস্পরিক সমীহ বজায় রেখেই তিন পয়েন্টের সন্ধানে, লক্ষ্য স্থির অস্কারের
ISL 2024-25: আইএসএলে ফের জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। যদিও দুটি সাক্ষাতে এখনও অবধি পাঞ্জাব এফসিকে আইএসএলে হারাতে পারেনি লাল হলুদ।
গত মরশুমে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে ইস্টবেঙ্গল ড্র করেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ফিরতি সাক্ষাতে দিল্লিতে লাল হলুদকে ৪-১ গোলে হারিয়েছিল পাঞ্জাব।

কালকের ম্যাচে চোটের কারণে সল ক্রেসপো ও মাদিহ তালালকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। কার্ড সমস্যায় নেই জিকসন সিং। ফলে মাঝমাঠকে শক্তিশালী করার মতো বিকল্প বেছে নেওয়াই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোর। অনিশ্চিত দিমিত্রি দিয়ামান্তাকসও।
ইতিবাচক ও সৎ মানসিকতা বজায় রেখে দলগত সংহতিকে হাতিয়ার করেই ঘুরে দাঁড়াতে দলকে উদ্বুদ্ধ করছেন লাল হলুদের হেড কোচ। তাঁর বিশ্বাস, পাঞ্জাব এফসির সঙ্গে তাঁর দলের ফারাক খুব বেশি নয়। বরাবরই দেওয়ালে পিঠ ঠেকে গেলে ইস্টবেঙ্গল যেভাবে ঘুরে দাঁড়ায়, এবারেও সেই ঐতিহ্যের দিকে তাকিয়ে ব্রুজো।
ম্যাচ কঠিন হবে স্বীকার করেও ব্রুজো বলেন, সেরা ছয়ে থাকা সব দলই ভালো। পাঞ্জাব এফসি ধারাবাহিকভাবে ভালো খেলছে। সব বিভাগ শক্তিশালী। আইএসএলের সব দলকেই হারানোর ক্ষমতা ওদের আছে। আমাদেরও এই ম্যাচে বড় পরীক্ষা। এই ম্যাচই দেখিয়ে দেবে আমরা কোথায় আছি, কোন পথে যেতে পারি।
ব্রুজোর দাবি, আগের ম্য়াচে হারার ফলে দলের জয়ের খিদে বেড়েছে। কাল যারা আধিপত্য বজায় রেখে সুযোগ বেশি তৈরি করবে তারাই এগিয়ে থাকবে। দু-দিনের প্রস্তুতিতে সুযোগ তৈরি ও গোল করার উপর জোর দেওয়া হয়েছে।
পাঞ্জাবের ১০ ম্যাচে ১৮ পয়েন্ট, ইস্টবেঙ্গলের ১০ ম্যাচে ৭ পয়েন্ট রয়েছে। ব্রুজো বলেন, পাঞ্জাবের পর জামশেদপুর ও হায়দরাবাদের বিরুদ্ধে খেলব। এই ম্যাচগুলি জিতলে পয়েন্টের ব্যবধান কমবে। তার উপর নির্ভর করবে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা। সেইমতোই পরিকল্পনা সাজাচ্ছেন ব্রুজো।
ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল বলেন, দলের নির্ভরযোগ্য ফুটবলারদের অভাব অনুভূত হবে। তবে আগের চেয়ে দলের খেলায় উন্নতি হয়েছে। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে লাল কার্ড না দেখতে হলে খেলার ফল অন্যরকম হতো বলেই দাবি গিলের। এএফসি কাপের পারফরম্যান্স থেকেই ভালো খেলার রসদ খুঁজছে ইস্টবেঙ্গল।
পাঞ্জাব এফসিও দারুণ ছন্দে। ৭ ম্যাচে ৫ গোল করেছেন লুকা মাজসেন। পুগলা ভিদাল, ফিলিপ মারজলাকরাও ছন্দে। পাঞ্জাব এফসির হেড কোচ পানাজিওতিস দিল্মপেরিস বলেন, ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সমানে টক্কর হবে। লিগের উপরের দিকে থাকতে আমাদের কাছে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের কোচ বদলের পর তাদের খেলাতেও পরিবর্তন এসেছে। ইস্টবেঙ্গল লিগ তালিকায় ভালো জায়গায় না থাকলেও আমাদের কাছে ম্য়াচ কঠিনই হবে।












Click it and Unblock the Notifications