ISL 2024-25: শততম আইএসএল ম্যাচ ড্র করে দশে ইস্টবেঙ্গল, দুর্ভেদ্য গিল রুখে দিলেন মুম্বই সিটি এফসিকে
ISL 2024-25: আইএসএলের অ্যাওয়ে ম্য়াচে মুম্বইয়ে মুম্বই সিটি এফসিকে রুখে দিল ইস্টবেঙ্গল। আজ মুম্বই ফুটবল অ্যারেনায় ইস্টবেঙ্গল নিজেদের শততম আইএসএল ম্যাচ গোলশূন্য ড্র রাখল।
এই ড্রয়ের সুবাদে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় দশম স্থানে উঠে এলো। চলতি আইএসএলে এটি মুম্বই সিটি এফসির সপ্তম ড্র, তারা রয়েছে ষষ্ঠ স্থানে।

বল দখলের লড়াইয়ে লাল হলুদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেও গোলমুখ খুলতে পারেনি মুম্বই সিটি এফসি। তার বড় কৃতিত্ব ইস্টবেঙ্গল প্রভসুখন সিং গিলের। তিনটি গোল বাঁচানোর পাশাপাশি একটি ভালো ক্লিয়ারেন্সও রয়েছে গিলের নামের পাশে।
ইস্টবেঙ্গল এদিন শুরু থেকেই গোল করার তাগিদ দেখাতে থাকে। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের থেকে বল পেয়ে নওরেম মহেশ তা বাড়ান নন্দকুমার সেকরকে লক্ষ্য করে। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে সেই মুভ থেকে গোল করতে পারেননি নন্দ।
৪৪ মিনিটে খুব কাছ থেকে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিয়ামান্তাকোস। এ ক্ষেত্রে ডেভিডের থেকে বল পেয়ে পিভি বিষ্ণু পাস বাড়ান দিমিত্রিয়সের জন্য। কিন্তু সঠিক পজিশনে না থাকায় তাঁর প্রয়াস লক্ষ্যভ্রষ্ট হয়।
এর মিনিট দুয়েক পর দিয়ামান্তাকোসের আরেকটি শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল করার ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মুম্বই সিটি এফসি। এ ক্ষেত্রে বিপিন সিং ক্রস ভাসালে খুব কাছে থেকেও বল জালে জড়াতে পারেননি বিক্রমপ্রতাপ সিং।
এর কিছু পরে মহেশের থেকে বল পেয়ে গোলের চেষ্টা চালালেও দ্বিতীয়বারের জন্য পোস্টে প্রতিহত হয় দিয়ামান্তাকোসের প্রয়াস। মুম্বই সিটি এফসির জর্জ অর্টিজ দুটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। তার দুটি প্রয়াসই গিল বাঁচান। শেষ অবধি দুই দলই এক পয়েন্ট করে পেয়ে মাঠ ছাড়ল।
মুম্বই সিটি এফসি ১৮টি ম্যাচ খেলে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের রয়েছে ১৮ পয়েন্ট। শিলংয়ে ৭ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়িন এফসি।












Click it and Unblock the Notifications