ISL 2024-25: আইএসএলে হারের ডাবল হ্য়াটট্রিক ইস্টবেঙ্গলের, ওডিশার কাছে পরাজয়ের পর কী বলছেন ব্রুজো?
ISL 2024-25: আইএসএলে টানা ৬ ম্যাচে হারল ইস্টবেঙ্গল। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির কাছে পরাস্ত হলো লাল হলুদ।
অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের হেড কোচ হওয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল লাল হলুদ। যদিও দলের খেলায় পুরোপুরি অসন্তুষ্ট নন ব্রুজো।

বিশেষ করে আজকের ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল যে ফুটবল উপহার দিয়েছে তা চলতি আইএসএলে সেরা বলেই মনে করা হচ্ছে। টানা হারের ধাক্কায় ফুটবলারদের মানসিক অবস্থা শোচনীয় ছিল। কিন্তু ব্রুজো এসে যেটা পেরেছেন তা হলো ফুটবলারদের মনোবল বাড়ানোর চেষ্টা করা।
যা বোঝা গেল শুরুর দিকে আগ্রাসী মনোভাবের মধ্যেই। ওডিশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচকভাবেই শুরু করেছিল ইস্টবেঙ্গল। ওডিশার টার্গেট ছিল কাউন্টার অ্যাটাক। ২ মিনিটের মাথায় মাদিহ তালালের ক্রসে ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিলেন সাউল ক্রেসপো।
কিন্তু হেডে গোল করার সময় তিনি ফাউল করে বসায় এই গোলটি বাতিল হয়। এর কিছু পরেই নন্দ কুমারের প্রয়াস কর্নারের বিনিময়ে রুখে দেন অমরিন্দর সিং। কর্নার থেকে বল পেয়ে শট নেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। সেটি সেভ করেন ওডিশার গোলকিপার অমরিন্দর।
২২ মিনিটে রয় কৃষ্ণর গোলে এগিয়ে যায় ওডিশা এফসি। এরপর ৩৭ মিনিটে জেরির থেকে বল পেয়ে তা লাল হলুদের জালে জড়ান কৃষ্ণ। কিন্তু অফ সাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তালালের শট হাতে লাগে থৈবার। গোল করে সমতা ফেরান দিয়ামান্তাকোস।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের চেয়ে তুলনায় বেশি আক্রমণাত্মক ছিল ওডিশা এফসি। ৬৯ মিনিটে জাহুর ফ্রিকিকে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেন মুর্তাদা ফল। তাঁর হেডার প্রভসুখন গিলের নাগাল এড়িয়ে গোলে চলে যায়। এরপরও কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল ওডিশা এফসি। তবে জয়ের ব্যবধান আর বাড়েনি।
ইস্টবেঙ্গল শেষ অবধি গোল শোধের মরিয়া লড়াই চালায়। কয়েকটি কর্নারও আদায় করে নেয়। কিন্তু তা থেকে গোল আসেনি। ৭৬ মিনিটে জাহুকে ট্যাকল করায় লাল কার্ড দেখেন প্রভাত লাকরা। ফলে অনেকটা সময়ই ১০ জনে খেলে ইস্টবেঙ্গল। লাকরাকে লাল কার্ড দেখানোর প্রতিবাদ করায় লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজোকে হলুদ কার্ড দেখানো হয়।
ইস্টবেঙ্গল প্রথম ৬টি ম্যাচের ৬টিতেই হেরে পয়েন্ট তালিকার একেবারে নীচে। ওডিশা উঠে এলো সাতে। ব্রুজো বলেন, ফুটবলারদের খেলায় গর্বিত। তাঁরা স্পিরিটেড ফুটবল উপহার দিয়েছেন। লড়াই চালিয়েছেন। তবে সেন্ট্রাল এরিয়ায় ওডিশার নিয়ন্ত্রণ ভালো ছিল। আমাদের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়েছে কাউন্টার অ্যাটাকে এসে।
ফল যে গোলটি করেছেন তা যথোপযুক্ত মার্কিং করলে ঠেকানো যেত বলে উপলব্ধি ব্রুজোর। ইস্টবেঙ্গলের আইএসএলে পরের ম্যাচ নভেম্বরে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। তার আগে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করার জন্য দলকে তৈরির চ্যালেঞ্জ ব্রুজোর।












Click it and Unblock the Notifications