ISL 2024-25: দুই গোলে এগিয়ে থেকেও হার বেঙ্গালুরুর, জয়ের সরণিতে ওডিশা এফসি
ISL 2024-25: আইএসএলে জয়ের সরণিতে ফিরল ওডিশা এফসি। তাও আবার দুই গোলে পিছিয়ে থাকার পর। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে।
১৩ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। যদিও বিরতির আগেই ম্যাচ ২-২ করে ফেলে ওডিশা এফসি। জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই।

চার ম্যাচ পর জয়ের মুখ দেখল ওডিশা এফসি। ঘরের মাঠে অবশ্য শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। শুরু থেকেই প্রেসিং ফুটবলে ওডিশাকে ব্যাকফুটে ঠেলে দেয় বেঙ্গালুরু। ১০ মিনিটের মাথায় এডগার মেন্দেজের গোলে এগিয়ে যায় তারা। সুরেশ ওয়াংজাম লম্বা বল বাড়িয়েছিলেন, তা ধরে থৈবা মৈরংথামের বাধাদানের প্রয়াস সামলে গোলকিপার অমরিন্দর সিংকে পরাস্ত করেন স্প্যানিয়ার্ড মেন্দেজ।
১৩ মিনিটের মাথায় আলবার্তো নগুয়েরার কাছ থেকে বল পেয়ে ওডিশার রক্ষণভাগের ফুটবলারদের চ্যালেঞ্জ সামলে গোল করে দলকে ২-০-তে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ১৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন হুগো বুমোস। ২৬ মিনিটের মাথায় আলেকজান্ডার জোভানোভিচ বক্সের মধ্যে দিয়েগো মরিসিওকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
জোভানোভিচকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মরিসিও। ৩৮ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় ওডিশা। এ ক্ষেত্রে রোশন সিংয়ের হাতে বল লেগেছিল। এই গোলটিও করেন মরিসিও।
১০ জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ওডিশা এফসি। তার সুফলও মেলে। জয়সূচক গোলটি করেন জেরি। বেঙ্গালুরুর রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে কর্নার থেকে এই গোলের মঞ্চ প্রস্তুত করে ওডিশা।
এরপর মরিয়া প্রয়াস চালিয়েও সমতা ফেরানোর গোলটি আর করতে পারেনি দশজনের ওডিশা। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডের দুর্বলতায় গোলমুখ খুলতে পারেনি। পয়েন্ট তালিকার তিনে থাকা বেঙ্গালুরুর ১৭ ম্যাচে হলো ২৮ পয়েন্ট। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি এখন ছয়ে।












Click it and Unblock the Notifications