ISL 2024-25: ৫ গোলের দ্বৈরথ! চেন্নাইয়িন এফসি পিছিয়ে পড়েও টানটান ম্যাচে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে
ISL 2024-25: আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের ডেরায় গিয়ে তিন পয়েন্ট আদায় করল চেন্নাইয়িন এফসি। পিছিয়ে পড়েও শেষ অবধি জয় এলো ৩-২ গোলে।
এই জয়ের সৌজন্যে চেন্নাইয়িন এফসি উঠে এলো পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। চারটি করে ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্টের মতো তাদের পয়েন্ট ৭। তবে বেশি গোল করায় এগিয়ে সবুজ মেরুন।

নেস্তর আলবিয়াচ ৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিয়েছিলেন নর্থইস্ট ইউনাইটেডকে। নেস্তর প্রথমে বল বাড়ান জিতিন এমএসকে। তিনি পাস বাড়ান পার্থিব গগোইকে লক্ষ্য করে। প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাগাল এড়িয়ে পার্থিব যে নীচু ক্রস রাখেন তা থেকেই নেস্তরের গোল। যদিও সেই অগ্রগমন দীর্ঘস্থায়ী হয়নি।
২৫ মিনিটে উইলমার জর্ডন গিল গোল করে সমতা ফেরান। কনর শিল্ডসের কর্নারে মাথা ছুঁইয়ে। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেন্নাইয়িনকে এগিয়ে দেন লুকাস পিভেট্টা ব্রাম্বিলা। মাইকেল জাবাকো রায়ান এডওয়ার্ডসকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় চেন্নাইয়িন।
বিরতিতে ২-১ গোলেই এগিয়ে ছিল চেন্নাইয়িন। ৫১ মিনিটে গিল দ্বিতীয় তথা দলের তিন নম্বর গোলটি করেন। এটিও কর্নার থেকে। তবে সরাসরি কর্নার থেকে ভেসে আসা বল থেকে গোলটি হয়নি। নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা প্রথমে ক্লিয়ার করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গোল করেন সুযোগসন্ধানী গিল।
৮৩ মিনিটে চেন্নাইয়িন এফসি ১০ জনের হয়ে যায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় লালডিনলিয়ানা রেন্থলেই। ৮৮ মিনিটে আলাদিন আজারাইকে বক্সের মধ্যে ফাউল করে বসেন ইরফান ইয়াডওয়াড। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আজারাই। ৫ ম্যাচে তিনি টানা গোল করলেন। এরপর সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় নর্থইস্ট। তবে তাতে চেন্নাইয়িনের জয় রোখা যায়নি। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নর্থইস্ট পয়েন্ট তালিকার আটে।












Click it and Unblock the Notifications