ISL 2023-24: তিন বছর আগের ফাইনালের পুনরাবৃত্তি! মুম্বই সিটি-র দ্বিতীয় খেতাব জয়েও বড় অবদান বিপিনের
ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট দখলে রাখতে পারল না আইএসএল খেতাব। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রখমার্ধে এগিয়ে থেকেও তিন গোল হজম করে হারল আন্তোনিও লোপেজ হাবাসের দল।
এ যেন ঠিক তিন বছর আগের ফাইনালের পুনরাবৃত্তি। দু-বার ফাইনালে উঠে দু-বারই চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষ সেবার ছিল এটিকে মোহনবাগান। এবার মোহনবাগান সুপার জায়ান্ট।

২০২০-২১ মরশুমের আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ২-১ গোলে জিতে প্রথমবার আইএসএল খেতাব জিতেছিল। আজকের জয় এলো ৩-১ গোলে। দুই ফাইনালেই গোলদাতার তালিকায় নাম রইল বিপিন সিংয়ের। যাঁকে আলবার্তো নগুয়েরার জায়গায় ৬৯ মিনিটি পরিবর্ত হিসেবে নামান কোচ পিটার ক্র্যাটকি।
আজকের ফাইনালে ৪৪ মিনিটে জেসন কামিংসের গোলের সৌজন্যে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৫৩ মিনিটে জর্ড পেরেরা দিয়াজের গোলে সমতা ফেরায় মুম্বই সিটি এফসি। ৮১ মিনিটে বিপিন সিংয়ের গোলে এগিয়ে যায় তারা। ইনজুরি টাইমে জাকুব ভজতুসের গোলে ব্যবধান বাড়ে।
২০২০-২১ মরশুমের ফাইনালে ১৮ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। ২৯ মিনিটে হোসে লুইস এস্পিনসো আররোয়োর আত্মঘাতী গোলে সমতা ফেরায় মুম্বই সিটি। এরপর ৯০ মিনিটে বিপিন সিংয়ের গোলেই মুম্বই সিটি এফসি প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল।
বিপিন বলেন, সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আত্মবিশ্বাসও ছিল। কোচ নামানোর পর গোল পেয়ে ভালো লাগছে। মুম্বই সিটি এফসি অধিনায়ক রাহুল ভেকে বলেন, লিগ শিল্ড ফাইনালে হেরে যাওয়ার পর কোচ বলেছিলেন, আর হারা চলবে না। প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে। সেটা আমরা করতে পেরেছি আজ। দাপট নিয়েই সকলে খেলেছেন। আমাদের এবার অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোচ বদল, বিদেশিদের চলে যাওয়া, চোট-আঘাতের সমস্যা। তারপরও ট্রফি জিততে পেরে খুব ভালো লাগছে। সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ।
২০১৪ সালে আইএসএল খেতাব জিতেছিল এটিকে। ২০১৫ সালে চেন্নাইয়িন এফসি, ২০১৬ সালে এটিকে, ২০১৭-১৮ মরশুমে চেন্নাইয়িন এফসি, ২০১৮-১৯-এ বেঙ্গালুরু এফসি, ২০১৯-২০-তে এটিকে, ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসি, ২০২১-২২ মরশুমে হায়দরাবাদ এফসি ও গত মরশুমে এটিকে মোহনবাগান।












Click it and Unblock the Notifications