ISL 2023-24: নর্থইস্ট ইউনাইটেডকে অ্যাওয়ে ম্যাচে হারাল মুম্বই সিটি এফসি, জোড়া গোল দিয়াজের
ISL 2023-24: জয় দিয়ে আইএসএলের দশম সংস্করণের অভিযান শুরু করল মুম্বই সিটি এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ গোলে হারাল দেস বাকিংহ্যামের প্রশিক্ষণাধীন দল।
শুরু থেকেই আধিপত্য বজায় নিয়ে খেলছিল মুম্বই। মনে হচ্ছিল যেন আগের মরশুমে যেখানে তারা শেষ করেছিল ঠিক সেখান থেকেই এবার শুরু করল। আক্রমণভাগও ছিল বেশ সপ্রতিভ। যার সুফল অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তোলা।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। বিপিন সিং প্রতিপক্ষ বক্সের মধ্যে থ্রু বল বাড়িয়েছিলেন লালেংমাউয়া ছাংতেকে লক্ষ্য করে। তিনি পাস বাড়াতেই দারুণ দক্ষতার সঙ্গে ট্যাপ করে বল জালে জড়িয়ে দেন জর্জ পেরেরা দিয়াজ। যদিও এরপর গোল শোধ করার মরিয়া প্রয়াস চালাতে থাকে জন আব্রাহামের মালিকানাধীন দল।

আশির আখতার ব্যাকলাইন থেকে বল ক্লিয়ার করলে তা বক্সের কিছুটা দূরে পেয়ে যান পার্থিব গগৈ। এরপর বেশ কিছুটা দূর থেকে তিনি যে শটটি নেন, বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি মুম্বইয়ের গোলকিপার মহম্মদ নওয়াজ। পার্থিবের গোলের সৌজন্য সমতা ফেরায় নর্থউইস্ট। যদিও এর মিনিট ছয়েক পরেই মুম্বইয়ের দ্বিতীয় গোল।
ছাংতে ও দিয়াজের যুগলবন্দি ফের এগিয়ে দেয় মুম্বই সিটি এফসিকে। ডাচ মিডফিল্ডার ইওয়েল ভান নিয়েফ বল বাড়িয়েছিলেন ছাংতেকে। তাঁর ক্রসে মাথা ছোঁয়ান মেহতাব সিং। এরপরই বল পেয়ে নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোলটি করতে কোনও ভুল করেননি আর্জেন্তিনীয় দিয়াজ। বিরতিতে ২-১ গোলেই এগিয়ে ছিল মুম্বই।
দ্বিতীয়ার্ধে বেশ সতর্কতার সঙ্গেই খেলতে থাকে বাকিংহামের দল। গোল শোধের প্রয়াস নর্থইস্ট চালালেও শেষরক্ষা হয়নি। মুম্বই সিটি এফসির পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর ভুবনেশ্বরে ওডিশা এফসির বিরুদ্ধে। নর্থইস্ট ২৯ সেপ্টেম্বর নিজেদের মাঠেই খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।












Click it and Unblock the Notifications