ISL 2023-24: আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে মুম্বই সিটি এফসি, বিদায় গোয়ার
ISL 2023-24: আইএসএলের ফাইনালে শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে মুম্বই সিটি এফসি। যাদের হারিয়ে বাগান জিতেছিল লিগ-শিল্ড।
আজ দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগ মুম্বই সিটি এফসি ২-০ গোলে জেতে এফসি গোয়ার বিরুদ্ধে। ফলে ৫-২ গোলপার্থক্য নিয়ে খেতাবি লড়াইয়ে তারা নামবে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে।

ওডিশা এফসির কাছে মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালের প্রথম লেগে ২-৩ গোলে পরাস্ত হয়েছিল। যদিও দ্বিতীয় লেগে এবারের লিগ-শিল্ডজয়ীরা গতকাল নিজেদের হোম ম্যাচে জয় ছিনিয়ে নেয় ২-০ ব্যবধানে। মুম্বই ও গোয়ার মধ্যে সেমিফাইনালের প্রথম লেগে ছিল চূড়ান্ত নাটকীয়তা।
গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৬ ও ৫৬ মিনিটে দুটি গোল করে এগিয়ে ছিল এফসি গোয়া। মুম্বই সিটি ব্যবধান কমিয়েছিল ৯০ মিনিটে। এরপর ইনজুরি টাইমের এক ও ছয় মিনিটে গোল করে এগিয়ে যায় মুম্বইয়ের দলটি।
সেই ম্যাচে মুম্বইয়ের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। ৯০ মিনিটে ও ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তিনি ২টি গোল করেছিলেন। অপর গোলটি ছিল বিক্রম প্রতাপ সিংয়ের। আজকের ম্যাচে মুম্বই ফুটবল অ্যারেনায় প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
৬৯ মিনিটে জর্জ পেরেইরা ডিয়াজ মুম্বই সিটি এফসির প্রথম গোলটি করেন। জয়ের ব্যবধান বাড়ে ছাংতের গোলে। সেমিফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জেতার পর আজ মুম্বই সিটি এফসির জয় এলো ২-০ গোলে। ফলে গোলপার্থক্য হলো মুম্বইয়ের পক্ষে ৫-২, যার মধ্যে তিনটি গোলই ছাংতের।
উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্ট আজ অবধি মোট ২৫টি ম্য়াচ খেলেছে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তার মধ্যে সবুজ মেরুনের জয় ৭টিতে, মুম্বই সিটি এফসি জিতেছে ১১টি দ্বৈরথ। ড্র হয়েছে ৭টি ম্যাচ। চলতি আইএসএলের লিগ টেবলের প্রথম দুই দলই ফাইনালে মুখোমুখি হতে চলেছে।












Click it and Unblock the Notifications