ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগেই প্লে-অফে, হায়দরাবাদের চেন্নাই বধে কতটা সুবিধা ইস্টবেঙ্গলের?
ISL 2023-24: আইএসএলে কাল কলকাতা ডার্বি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হোম ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল।
এই ম্যাচের আগেই অবশ্য প্লে-অফ নিশ্চিত হয়ে গেল বাগানের। শেষ ছয়ে যাওয়ার পথ কিছুটা সুগম হলো ইস্টবেঙ্গলের। সৌজন্যে হায়দরাবাদ এফসির চলতি মরশুমে প্রথম জয়।

চেন্নাইয়িন এফসি এদিন নিজেদের মাঠেই পরাস্ত হলো হায়দরাবাদ এফসির কাছে। যা অঘটনই বলা চলে। ১৯তম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল হায়দরাবাদ এফসি। এই ম্যাচের আগে তারা ১৩টিতে হেরেছিল, ড্র করেছিল ৫টি ম্যাচ। আজ ৮৯ মিনিটের মাথায় হায়দরাবাদের জয়সূচক গোলটি করেন সাজাদ হুসেন পারে।
এই ম্যাচে হারার ফলে চেন্নাইয়িন এফসি ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা জামশেদপুর এফসির রয়েছে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট, গোলপার্থক্য ০। ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৮ ম্যাচে ১৮। ফলে কাল লাল হলুদ জিতলে পয়েন্ট হবে ২১।
ফলে কলকাতা ডার্বি জিতলেই ইস্টবেঙ্গল চলে আসবে ষষ্ঠ স্থানে। ইস্টবেঙ্গলেরও গোলপার্থক্য বর্তমানে ০। কাল যত গোলে জিতবে ততটাই পজিটিভ সংখ্যা বসবে লাল হলুদের গোলপার্থক্যের ক্ষেত্রে। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট রয়েছে বেঙ্গালুরু এফসির। তাদের গোলপার্থক্য মাইনাস (-) ৮।
আটে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২০। নয়ে থাকা পাঞ্জাব এফসিরও পয়েন্ট ১৮ ম্যাচে ২০। গোলপার্থক্য নর্থইস্টের মাইনাস পাঁচ, পাঞ্জাবের মাইনাস সাত। তবে কাল হেরে গেলেও ইস্টবেঙ্গল যে দৌড় থেকে ছিটকে যাবে তা নয়।
যদিও কার্লেস কুয়াদ্রাত চাইছেন, বাকি চারটি ম্যাচ থেকে ১২ পয়েন্ট তুলে নিতে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি ৩০ পয়েন্টে পৌঁছতে পারে। ইস্টবেঙ্গলের ডার্বি বাদে বাকি ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
মোহনবাগান সুপার জায়ান্টের ১৬ ম্যাচে রয়েছে ৩৩ পয়েন্ট। সবুজ মেরুন ডার্বিতে নামবে প্লে-অফ নিশ্চিত করেই। ইস্টবেঙ্গল ম্যাচের পর মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ বাকি কেরালা ব্লাস্টার্স এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications