ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ ছুটছে, এগিয়ে থেকেও পরাস্ত ১০ জনের জামশেদপুর
ISL 2023-24: ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল কাল নামবে সাতে সাত করার লক্ষ্যে। একইভাবে চলতি আইএসএলে অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে আজ চারে চার করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। তাও একবার পিছিয়ে পড়ে।
বিরতিতে খেলার ফল ছিল ১-১। শেষ অবধি জামশেদপুর এফসির হোম গ্রাউন্ড থেকে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল সবুজ মেরুন ব্রিগেড।

গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের কাছে প্রথমে গোল হজম করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছিল হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন দল। ৯ মাস পর আজ আবার প্রথমে গোল হজম করেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। আজকের ম্যাচে গোল বা স্কোরলাইনের কথা বাদ দিলে যেটা উল্লেখযোগ্য তা হলো তরুণ ফুটবলারদের পারফরম্যান্স।
জামশেদপুরের প্রশিক্ষক স্কট কুপার আজ দলে রেখেছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের ইয়ং চ্যাম্পস থেকে উঠে আসা ১৯ বছরের মহম্মদ সানানকে। তিনি ৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন জামশেজপুরকে। অনিকেত যাদবের পর দ্বিতীয় টিনএজার হিসেবে আইএসএলে তিনি গোল করার কীর্তি গড়লেন। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জামশেদপুর।
আক্রমণাত্মক ফুটবল খেলে ২৯ মিনিটের মাথায় সমতা ফেরায় বাগান। আরমান্দো সাদিকুর করা গোলে। ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে এনে সাহাল আবদুল সামাদ বল বাড়ান মনবীর সিংকে লক্য করে, তাঁর পাস ধরে টিপি রেহনেশকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন সাদিকু।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর তিন মিনিটের মাথায় এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। বাঁ প্রান্ত থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোল করে যান লিস্টন কোলাসো। এই গোলের পরই ম্যাচে নিয়ন্ত্রণ বাড়ায় সবুজ মেরুন। ৬৮ মিনিটে বক্সের বাইরে গিয়ে সামাদকে অবৈধভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন জামশেদপুরের গোলরক্ষক রেহনেশ।
৮০ মিনিটে মনবীরের থেকে বল পায়ে অত্যন্ত কুশলীভাবে গোল করেন কিয়ান নাসিরি গিরি। পরিবর্ত গোলকিপার বিশাল যাদবের মাথার উপর দিয়ে। ৮৬ মিনিটে ইউস্তের ভুলে পেনাল্টি পায় জামশেদপুর। স্টিভ আম্বরি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। যদিও এরপর আর সমতা ফেরাতে পারেনি জামশেদপুর। মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ ২ ডিসেম্বর, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। জামশেদপুর এফসি ২৭ নভেম্বর ফতোরদায় এফসি গোয়ার মুখোমুখি হবে।
৪ ম্যাচে চারটি জয় ছিনিয়ে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট তালিকার শীর্ষে রইল মোহনবাগান সুপার জায়ান্ট। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রইল জামশেদপুর এফসি।












Click it and Unblock the Notifications