ISL 2023-24: আইএসএলে প্রথম জয় জামশেদপুরের, হেরেই চলেছে হায়দরাবাদ
ISL 2023-24: আইএসএলে অবশেষে জয়ের মুখ দেখল জামশেদপুর এফসি। আজ নিজেদের মাঠে (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে) তারা হারাল হায়দরাবাদ এফসিকে। নিজামের শহরের এটি টানা দ্বিতীয় পরাজয়।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন রেই তাচিকাওয়া। এই জয়ের সৌজন্যে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে এলো জামশেদপুর।

প্রথম থেকেই ম্যাচে তুল্যমূল্য লড়াই চলছিল। দুই দলই মরশুমের প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে নেমেছিল। প্রথমার্ধে জামশেদপুর বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও হায়দরাবাদ এফসির রক্ষণ ছিল কার্যত দুর্ভেদ্য। হায়দরাবাদ ভরসা করছিল কাউন্টার অ্যাটাকের উপর। রেই তাচিকাওয়া, অ্যালেন স্তেভানোভিচদের প্রয়াস হায়দরাবাদের বক্সে গিয়ে নির্বিষ হয়ে যাচ্ছিল।

হায়দরাবাদের জোসেফ নোলেস, মহম্মদ ইয়াসিররা জামশেদপুরের গোলরক্ষককে কয়েকবার পরীক্ষার মুখে ফেলেন। ১৩ মিনিটে হ্যান্ডবলকে কেন্দ্র করে ঘটনার জেরে হলুদ কার্ড দেখেন জামশেদপুরের প্রণয় হালদার। তারপর থেকেই ম্যাচের মেজাজ ছিল চড়া। কিন্তু দুই দলই বিরতি পর্যন্ত গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে দুই দলই পরিবর্ত ফুটবলার নামিয়ে গোল পাওয়ার মরিয়া চেষ্টা চালাতে থাকে। অবশেষে ডেডলক ভাঙে ৭৬ মিনিটে। রেই তাচিকাওয়ার ফ্রি কিক হায়দরাবাদের গোলকিপারের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। হায়দরাবাদ সমতা ফেরানোর চেষ্টা চালিয়েও কাজের কাজ করতে পারেনি।
ম্যাচের শেষ লগ্নে জামশেদপুর ব্যবধান বাড়ানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেম্বোই হাওকিপের শট পোস্টে প্রতিহত হয়। এই গোলটি না হলেও ঘরের মাঠে তিন পয়েন্ট ঝুলিতে পুরে স্বস্তি জামশেদপুর শিবিরে।
ছবি- এফএসডিএল












Click it and Unblock the Notifications