ISL 2023-24: জয় দিয়েই আইএসএল অভিযান শুরু এফসি গোয়ার, টানা ২ ম্যাচে পরাস্ত পাঞ্জাব এফসি
ISL 2023-24: আইএসএল অভিযান জয় দিয়েই শুরু করল এফসি গোয়া। ফতোরদার নেহরু স্টেডিয়ামে আজ তারা পাঞ্জাব এফসিকে হারাল ১-০ গোলে। যার ফলে টানা দুটি ম্যাচে পরাস্ত হলো আইএসএলের আসরে নবাগত পাঞ্জাব।
ম্যাচের প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেছেন কার্লোস মার্তিনেজ। এই জয়ের ফলে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে গোয়া। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেডের চেয়ে গোলপার্থক্যে (১-২) পিছিয়ে গোয়ার দলটি।

পাঞ্জাবের কোচ স্টাইকোস ভার্গেতিস প্রথম একাদশে একটিই পরিবর্তন এনেছিলেন। প্রশান্ত কে মোহনের জায়গায় সুযোগ দেন কৃষ্ণনন্দ সিংকে। এফসি গোয়া হেড কোচ ম্যানুয়েল মানোলো মার্কুয়েজ ৪-৪-২ কনম্বিনেশনে শক্তিশালী দলই নামিয়েছিলেন। রেনিয়ার ফার্নান্ডেজ ও কার্ল ম্যাকহিউ আক্রমণ গড়ে তুলেছিলেন। যা থেকে ১৭ মিনিটে গোল করেন মার্তিনেজ।
এরপরও পাঞ্জাবের রক্ষণের উপর চাপ তৈরির রাস্তা থেকে সরেনি গোয়া। কয়েকটি গোলের সুযোগও এসেছিল। পাঞ্জাব এফসি প্রথম সুযোগটি পায় ৩৭ মিনিটে। হুয়ান মেরার শট প্রতিহত করেন গোয়ার গোলরক্ষক অর্শদীপ সিং। যদিও বল চলে যায় কৃষ্ণনন্দর কাছে। তিনি বল জালে জড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধে দুই দলই বল দখলে রাখার চেষ্টা চালাতে থাকে। তবে সেভাগে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউই। মাঝমাঠেই বেশিরভাগ সীমাবদ্ধ ছিল খেলা। লুকা মাজসেন একবার বল গোলে পাঠিয়ে সমতা ফেরানোর আনন্দে মাতলেও মুহূর্তেই খেয়াল করেন অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন। যদিও এই রেফারিদের সিদ্ধান্তটি নিয়ে সংশয় রয়েছে।
শেষের দিকে পাঞ্জাব গোল শোধে মরিয়া হয়ে উঠলেও গোয়ার রক্ষণ ভেদ করতে পারেনি। পাঞ্জাব ৬ অক্টোবর হারের হ্যাটট্রিক এড়াতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। পাঞ্জাবের হোম ম্যাচ হবে দিল্লিতে, তার প্রথমটিই নর্থইস্টের বিরুদ্ধে। অক্টোবরের ৭ তারিখ গোয়া হোম ম্যাচে মুখোমুখি হবে ওডিশা এফসির।
(ছবি- এফএসডিএল)












Click it and Unblock the Notifications