আইএসএলে প্রথমবার কেরালা ব্লাস্টার্সকে হারাল ইস্টবেঙ্গল, জন্মদিনে জয়সূচক গোল ক্লেইটনের

আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসিকে এই প্রথম হারাল ইস্টবেঙ্গল। চার ম্যাচে হারার পর এদিন ঘরের মাঠে জিতল ১-০ গোলে। জন্মদিনে জয়সূচক গোলটি করেন ক্লেইটন সিলভা।

আইএসএলে টানা বিপর্যয়ের জেরে মুখ ফিরিয়েছেন সমর্থকরা। গ্যালারিতে দর্শকসংখ্যা তলানিতে। ইস্টবেঙ্গলের বর্তমান কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে বিঁধছেন ফুটবলপ্রেমীরা। এই আবহে চলতি বছরের প্রথম জয়টি ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্স এফসিকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।

আইএসএলে প্রথমবার কেরালা ব্লাস্টার্সকে হারাল ইস্টবেঙ্গল

(ছবি- এফএসডিএল)

এই প্রথম আইএসএলের ইতিহাসে কেরালাকে হারাল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার আশা নেই। টানা চারটি ম্যাচে পরাস্ত হয়েছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। ৩০ ডিসেম্বর ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসিকে। এরপর ওডিশা এফসি ৩-১, জামশেদপুর এফসি ২-১, হায়দরাবাদ এফসি ২-০ ও এফসি গোয়া ৪-২ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। আজ ৩৬তম জন্মদিনে জয়সূচক গোলটি করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিলেন ক্লেইটন সিলভা।

ম্যাচের ৭৭ মিনিটের মাথায় এদিন গোলটি করেন ক্লেইটন। ঘরের মাটিতে এটি এবারের আইএসএলে লাল হলুদের দ্বিতীয় জয়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের মোবাশির রহমান। কার্ড সমস্যায় না থাকা লালচুংনুঙ্গার জায়গায় আজ শুরু থেকে অঙ্কিত মুখোপাধ্যায়কে নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু ছন্দে না থাকায় অঙ্কিতকে ১৬ মিনিটের মাথায় তুলে নেন স্টিফেন। কোচের প্রতি অসন্তোষ প্রকাশ করে জার্সি ছুড়ে ফেলেন অঙ্কিত। এরপর তাঁকে ডাগআউটে বসতে দেননি ইস্টবেঙ্গল কোচ। প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে কেরালা ব্লাস্টার্স এফসি আরও মরিয়া হয়ে ওঠে গোল পেতে। পাল্টা লড়াই চালাতে থাকে ইস্টবেঙ্গল। খেলার মেজাজ চড়তে থাকায় দুই দলের ফুটবলাররা হলুদ কার্ডও দেখেন। তবে ফারাক গড়ে দিলেন বার্থ ডে বয় ক্লেইটন। চলতি আইএসএলে তিনি দশম গোলটি পেয়ে গেলেন। এরপর গোল শোধ করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ফলে টানা তিনটি ম্যাচ হারল তারা। ইস্টবেঙ্গল ৬ বারের প্রয়াসে প্রথমবার জয় পেল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনেই রইল কেরালা ব্লাস্টার্স। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ইস্টবেঙ্গল। লাল হলুদের পরের ম্যাচ বুধবার ঘরের মাঠেই নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+