ISL: ক্লেইটনের জোড়া গোল, ২ বার এগিয়েও নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গলকে রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা।
ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্য়াচটি ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে এগিয়ে দেওয়ার পর জোড়া গোল করেন। তবুও জয় অধরাই রইল লাল হলুদের।

(ছবি- এফএসডিএল)
প্রথম থেকেই দুই দল উপভোগ্য ফুটবল উপহার দেয়। ফেভারিট হিসেবেই এই ম্যাচটি খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। ১০ মিনিটে ক্লেইটন সিলভার গোলে ইস্টবেঙ্গল এগিয়েও যায়। যদিও ৩০ মিনিটে পার্থিব গগৈয়ের গোলে সমতা ফেরায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। এর ২ মিনিট পরই তারা এগিয়েও যায়। জিতিন এমএস গোল করায় পিছিয়ে পড়ে লাল হলুদ। প্রথমার্ধের ইনজুরি টাইমে জেক জারভিসের অনবদ্য গোলের সুবাদে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বিরতিতে খেলার ফল ছিল ২-২।
দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্ক থেকে খেলতে শুরু করে। যদিও মাঝেমধ্যেই দুই দলই আক্রমণ শানাচ্ছিল। এরই মধ্যে ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। ৬৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ক্লেইটন সিলভা। ফলে ইস্টবেঙ্গল ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ৮৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। ইমরান খানের গোলে ম্যাচের স্কোরলাইন হয় ৩-৩। প্রতি আক্রমণে গিয়ে ইস্টবেঙ্গলও ফের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। জেক জেরভিস ও জর্ডান ও'ডহার্টির যুগলবন্দিতে। যদিও অরিন্দম ভট্টাচার্য দুরন্ত সেভের মাধ্যমে ইস্টবেঙ্গলের অগ্রগমন রোধ করেন।
ম্যাচের শেষ লগ্নে, অর্থাৎ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দুই দলই জয়সূচক গোল আদায়ে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে যুবভারতীতেই জয় পেয়েছিল লাল হলুদ। আজ অবশ্য সন্তু্ষ্ট থাকতে হলো ১ পয়েন্ট নিয়েই। রবিবার চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলা রয়েছে ইস্টবেঙ্গলের। ১৯ ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ২৫ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি লাল হলুদের হোম ম্যাচ হিসেবে গণ্য হবে। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। ১৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।












Click it and Unblock the Notifications