আইএসএলে ইস্টবেঙ্গল ফিরল পরাজয়ের চেনা ছন্দে! চেন্নাইয়িন এফসি ৮ ম্যাচ পর দেখল জয়ের মুখ
আইএসএলের অ্যাওয়ে ম্যাচে ফের মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির কাছে পরাস্ত ০-২ গোলে।
ইস্টবেঙ্গল ফিরল আইএসএলে পরাজয়ের চেনা ছন্দে! ঘরের মাঠে একটি ম্যাচ জিতেছিল লাল হলুদ, আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ড্র করেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন দল। কিন্তু ফের অ্যাওয়ে ম্যাচে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসির কাছে পরাজয় ০-২ গোলে।

(ছবি- ইস্টবেঙ্গল/ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া)
জানুয়ারির ২৬ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পরাস্ত হয়েছিল। এরপর কেরালা ব্লাস্টার্স এফসিকে ১-০ গোলে হারায়। কিন্তু চেন্নাই যাওয়ার আগে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ৩-৩ গোলে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল হলুদকে। কিন্তু এদিন পরাজয় এড়ানো গেল না। আট ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাইয়িন এফসি।
প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৪৮ মিনিটে লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। আর এই গোলটিই উজ্জীবিত করে তোলে চেন্নাইয়িন এফসিকে। একাধিকবার গোলের সুযোগ তৈরিও করে ফেলে তারা। ইস্টবেঙ্গল যখন সমতা ফেরানোর উপায় খুঁজতে ব্যস্ত তখনই কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন রহিম আলি। তিনি ম্যাচের ৮৭ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের যাবতীয় আশায় জল ঢেলে দেন। এবারের আইএসএলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দুটি সাক্ষাতেই পরাস্ত হলো লাল হলুদ।
এই জয়ের সুবাদে চেন্নাইয়িন এফসি ১৮ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানেই রইল। ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রইল নবম স্থানে। ১৮ ম্যাচে তাদের সংগ্রহে ১৬ পয়েন্ট। ১৯ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি, যারা ইতিমধ্যেই লিগ শিল্ডের দখল নিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। এদিনের ম্যাচ জিতলে কিছুটা আত্মবিশ্বাস বাড়াতে পারত লাল হলুদ। অন্তত ২৫ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বির আগে। যদিও লাল হলুদের লাগাতার ব্যর্থতায় আগ্রহ হারিয়েছেন সমর্থকরা। চলতি মরশুমের আইএসএলে ইস্টবেঙ্গল আর জয়ের মুখ দেখবে কিনা সেটা নিয়েই চলছে চর্চা।












Click it and Unblock the Notifications